ধূপগুড়ির জুড়াপানি গ্রামে মোবাইল কেনার বায়না পূরণ না হওয়ায় মাকে খুন করল ১৬ বছরের কিশোর। ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক বাবা সহ পরিবারের ৩ সদস্য।

অনুপম রায়, ধূপগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং ২ অঞ্চলের ভূতেরহাট লাগোয়া জুড়াপানি গ্রামে একটি মর্মান্তিক ও অত্যন্ত বেদনাদায়ক ঘটনা প্রকাশ্যে। নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি জানিয়েছিল ষোলো বছর বয়সের কিশোর। আর সেই বিষয়টিকে কেন্দ্র করেই পরিবারের লোকজনের সাথে তার তুমুল বিবাদ বাঁধে। ঝামেলার জেরেই আচমকা ধারালো অস্ত্র নিয়ে নিজের জন্মদাত্রী মায়ের ওপর চড়াও হয় ওই উন্মত্ত নাবালক। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, মায়ের ওপর হামলার পর নিজের বাবাকেও রেহাই দেয়নি সেই কিশোর। ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর মারাত্মক কোপ বসানো হয়। উন্মত্ত ওই কিশোরের হাত থেকে বাঁচতে গিয়ে জখম হন তার জেঠিমা এবং জেঠতুতো দিদিও। ঘটনার পর পরিবারের ৩ সদস্যকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাবার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায়, প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
এদিন এই নৃশংস কাণ্ড ঘটানোর পরেই বিষ পান করে নিজের জীবন শেষ করার চেষ্টা চালায় ওই কিশোর। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। এই চাঞ্চল্যকর খবর পেয়ে ইতিপূর্বেই ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement