PM Ujjwala Yojana-র নিয়মে বড় বদল কেন্দ্রের। এখন থেকে বছরে ৯টির পরিবর্তে মাত্র ৪টি LPG সিলিন্ডারে মিলবে ভর্তুকি।

গত রবিবার ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। মূলত সেই বিজ্ঞপ্তির সূত্র ধরেই ভর্তুকি হ্রাসের বিষয়টি সামনে আসে। এই প্রসঙ্গে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ এম. কানুজ জানান যে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজারে অস্থির পরিস্থিতি এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির বিপুল পরিমাণ আর্থিক লোকসানের জেরেই এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি সিলিন্ডার পিছু তেল সংস্থাগুলিকে ৭০০ টাকা করে ক্ষতি স্বীকার করতে হচ্ছে।
তবে মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে যে, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা প্রতি সিলিন্ডারে সরাসরি ৩০০ টাকা করে ভর্তুকির সুবিধা পাবেন। সরকারের দাবি, পরিসংখ্যান অনুযায়ী এই প্রকল্পের অন্তর্ভুক্ত পরিবারগুলির বার্ষিক গড় সিলিন্ডার ব্যবহারের সংখ্যা ৪টির কাছাকাছি। সেই তথ্যের ওপর ভিত্তি করেই ভর্তুকি প্রদানের এই নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশজুড়ে মোদির এই উজ্জ্বলা যোজনার সূচনা হয়েছিল। শুরুর দিকে গ্রাহকেরা বছরে ১২টি ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন। পরবর্তীতে গত আগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৯টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার মঞ্জুরি দিয়েছিল। কিন্তু বিশ্ব বাজারে ক্রমাগত জ্বালানির অস্থিরতা ও ভর্তুকির আর্থিক চাপ সামাল দিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হলো। সরকারের এই নতুন নিয়মের ফলে দেশের মোট ১০.৫৮ কোটি উজ্জ্বলা সুবিধাভোগী পরিবার প্রভাবিত হবে। তবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বর্তমান মূল্য কাঠামোয় কোনও পরিবর্তনের কথা জানানো হয়নি।
Advertisement