খবরটি শুনুন
অডিও সংস্করণ
বুধবার থেকে অবস্থান শুরু করেন কলেজের অস্থায়ী কর্মীরা।জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ্র কলেজ, প্রসন্নদেব মহিলা কলেজ,মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু করেন।কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির ব্যানারে তাদের আন্দোলন।এটি অরাজনৈতিক মঞ্চ।
সম কাজে সম বেতন,চাকুরির স্থায়ীত্ব সহ একাধিক দাবি রয়েছে তাদের।অভিযোগ,স্থায়ী শিক্ষাকর্মীদের থেকে তারা বেতন তিনগুন কম পান।কাজের কোনো স্থায়িত্ব নেই, নেই ইপিএফ বা অন্য সুযোগ সুবিধেগুলি।এর আগেও তারা রাজ্য জুড়ে একাধিকবার আন্দোলন,অবস্থান করেছেন।
সংগঠনের তরফে বারবার শিক্ষামন্ত্রীর কাছেও গিয়েছেন।আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ।দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আজ থেকে লাগাতার অবস্থানের সিদ্ধান্ত।সংগঠনের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে দাবি না মিটলে অনশনে বসা হবে এরপর। কলেজেগুলির কতৃপক্ষের তরফে জানানো হয়েছে,শিক্ষাকর্মীদের দাবিগুলি তাদের আওতার মধ্যে পড়ে না।তবে তাদের দাবি সনদ শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থায় আন্দোলনের দায় শিক্ষামন্ত্রীর ওপর চাপিয়েছে বিজেপি।তাদের বক্তব্য, অযোগ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
