রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল

Wednesday, November 13, 2019
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি :- রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল।নিম্নমানের কাজের জেরে, সংস্কার করার পরও রাতারাতি চলার অযোগ্য হয়ে পড়ছে জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়ক। ঘটছে দুর্ঘটনাও।সুরাহা না পেয়ে শেষপর্যন্ত মঙ্গলবার দীর্ঘক্ষন পথ অবরোধ করে রাখলেন জলপাইগুড়ির রাখালদেবী এলাকার বাসিন্দারা।
জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় ২৬কিলোমিটার রাজ্য সড়ক রয়েছে। এটি দেখভালের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। রাস্তার অনেকাংশেই বেহাল অবস্থা। বিশেষ করে জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে রাখালদেবী এলাকায় এই রাস্তার বেহাল অবস্থা চরমে উঠেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত একবছরে আটবার রাস্তা সংস্কার করা হয়েছে পূর্ত দফতরের পক্ষ থেকে।কিন্তু সংস্কার করার পরেই রাতারাতি সেই রাস্তা বেহাল অবস্থা নিচ্ছে। যার ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
সোমবারও পাথর ফেলে সেই রাস্তা সংস্কার করা হয়। কিন্তু অভিযোগ, রাতারাতি সংস্কার করা রাস্তা বেহাল হয়ে পড়ে।ভরাট করা গর্ত থেকে পাথর উঠে আসে।গাড়ি চলাচলের সময় সেই পাথরের টুকরো ছিটকে এদিন সকালে এক কিশোর আহত হয় বলে অভিযোগ। এরপরেই রাস্তা অবরোধে নামে স্থানীয় বাসিন্দারা। তাদের স্পষ্ট অভিযোগ, নিম্নমানের কাজ হওয়াতেই বারবার একই ঘটনা ঘটছে। দীর্ঘক্ষন পথ অবরোধের জেরে প্রচুর যানবাহন আটকে পড়ে ওই রাজ্য সড়কে। তৈরি হয় বিশাল যানজট।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে ঘটনাস্থলে।তারা অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান।যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়ে দেন যতক্ষণ না পূর্ত দফতরের আধিকারিকের ঘটনাস্থলে এসে সমস্যার সুরাহা করছেন ততক্ষণ তারা অবরোধ থেকে নড়বেন না।এরপর জলপাইগুড়ি পূর্ত দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যান।নিম্নমানের কাজের অভিযোগ তুলে সেখানে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।যদিও কোতোয়ালি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল।পূর্ত দফতরের সহকারী বাস্তুকার মৃন্ময় দেবনাথ বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি আশ্বাস দেন, আজই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে। এই আশ্বাসের পরই অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator