খবরটি শুনুন
অডিও সংস্করণ
নয়াদিল্লি: আগেই ফিরেছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’, বি আর চোপড়ার ‘মহাভারত’। ফিরেছে শাহরুখের ‘সার্কাস’, রজিত কাপুর অভিনীত ‘ব্যোমকেশ বক্সী’ও। এবার গৃহবন্দি দেশবাসীর জন্য় দূরদর্শনে ফিরতে চলেছে দেশি সুপারহিরো ‘শক্তিমান’।
করোনা ভাইরাসের আবহে মানুষকে ঘরের গন্ডিতে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে মোদীর সরকার। করোনা পরিস্থিতিতে সকলকে আনন্দে রাখতে পুরনোতে ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। তাই রামায়ণ-মহাভারতের পরে পর্দায় ফিরছে সেনসেশনাল ‘শক্তিমান’।
পাশাপাশি জানা গিয়েছে, শক্তিমানের পাশাপাশি চাণক্য আসবে পর্দায়। দূরদর্শন সিদ্ধান্ত নিয়েছে, ডিডি ন্যাশনালে চলতি বছরের এপ্রিল মাস থেকে সম্প্রচারিত হবে। প্রতিদিন একঘন্টা করে দেখা যাবে মুকেশ খান্না অভিনিত শক্তিমান। প্রতিদিন দুপুর ১টা থেকে সম্প্রচার করা হবে।
পাশাপাশি, চন্দ্রপ্রকাশ দ্বিভেদী পরিচালিত ৪৭ এপিসোডের চাণক্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন সম্প্রচারিত করার ভাবনাও রয়েছে। প্রতিদিন বিকেলে একঘণ্টা করে ডিডি ভারতিতে দেখানো হবে বলেও জানা গিয়েছে।
যদিও অভিনেতা-প্রযোজক এই ধারাবাহিকটি কবে থেকে বা কোন সময়ে দেখানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তিনি ভক্তদের অপেক্ষা করার জন্য জানিয়েছেন। মুকেশ খান্না মহাভারতে তাঁর ভীষ্ম চরিত্রের জন্য বিআর চোপড়াকে ধন্যবাদ জানিয়েছেন এই টুইটে।
৯০ দশকের শিশুদের জন্য শক্তিমান খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। শক্তিমান তথা পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী আজ কি আওয়াজ সংবাদপত্রের ফটোগ্রাফার ছিলেন। এই ধারাবাহিকটি ডিডি-১-এ ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত চলেছে। এটা পরে অন্য ভাষায় তৈরি হয় ও বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হয়।
মার্চ মাসের ২৬ তারিখ প্রকাশ জাভড়েকড় ঘোষণা করেছেন, আশির দশকের সেনসেশন রামানন্দ সাগরের রামায়ণ আবারও পর্দায় ফিরছে। করোনা ভাইরাস মোকাবিলায় ২১ দিনের লকডাউনের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই পরিস্থিতিতে বাড়িতে সময় কাটানোর উপায় বাতলে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার।
চ্যালেঞ্জিং এই মুহূর্তে নিজেকে চাঙ্গা এবং সুস্থ রাখতে শনিবার থেকে অর্থাৎ মার্চ মাসের ২৮ তারিখ থেকে দিনে দু’বার করে সম্প্রচারিত হবে রামায়ণ। সবাইকে ঘরে আটকে রাখতে নিজের মতো করে চেষ্টা শুরু করেছে দূরদর্শন। রামায়ণে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল ও সীতার চরিত্রে ছিলেন দীপিকা চিখালিয়া। এছাড়াও অভিনয় করেছিলেন দারা সিং, সুনীল লাহিড়ী, বিজয় অরোরা, অরবিন্দ ত্রিবেদী।
এছাড়াও শাহরুখ খান অভিনীত সার্কাস ও রজিত কাপুর অভিনীত ব্যোমকেশ বক্সী ফের সম্প্রচার করা হবে দূরদর্শন এবং তাঁর সিস্টার চ্যানেলে।