খবরটি শুনুন
অডিও সংস্করণ
করোনাভাইরাস পজ়িটিভ তিনি। গতকাল রাতেই বেলেঘাটা আইডি-র তরফে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। তার পরেই সারা শহরের নজর কার্যত ওই যুবকের দিকেই। তিনি পজ়িটিভ ধরা পড়ার আগে পর্যন্ত ঠিক কোথায় কোথায় গেছেন, কত জনের সঙ্গে মিশেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু করোনাভাইরাসে সংক্রামিত অর্থাত কোভিড ১৯ অসুখে আক্রান্ত সেই যুবক আছেন কেমন? ‘মারণ ভাইরাস’ নামে পরিচিত এই ভাইরাসের সংক্রমণ ঠিক কতটা কষ্টদায়ক?
যেহেতু এই অসুখ অত্যন্ত সংক্রামক তাই রোগীর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব নয়। উচিতও নয়। সর্বোপরি সেই অনুমোদনও মিলছে না হাসপাতালে। তবে চিকিৎসকদের সূত্রে জানা গেল, ভালই আছেন যুবক। হাল্কা জ্বর ও সর্দি রয়েছে। চিকিৎসা চলছে। এমনিতেই এই রোগের বিশেষ কোনও ওষুধ বা আলাদা করে বিশেষ চিকিৎসা এখনও শুরু হয়নি। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং আইসোলেশনে থাকাটাই এক ও একমাত্র নিয়ম।