খবরটি শুনুন
অডিও সংস্করণ
আগামী কয়েকদিনে দিল্লির তিহাড় জেল থেকে তিন হাজার বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। দেশজুড়ে চলছে করোনাভাইরাস সংক্রমণের ভয়। এখনও পর্যন্ত দেশের মোট ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন চলছে। বন্ধ রেল চলাচল। কেবল মালগাড়ি চলছে। এই পরিস্থিতিতে আগামী ৩-৪ দিনের মধ্যে প্রায় তিনহাজার বন্দিকে ছাড়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ। এর মধ্যে ১৫০০ কয়েদি রয়েছে যারা আলাদা আলাদা অপরাধে সাজাপ্রাপ্ত। তাদের প্যারোলে ছাড়া হবে। এছাড়াও মুক্তি পাবেন এমন ১৫০০ কয়েদি রয়েছেন যাঁরা বিচারাধীন বন্দি।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য এক ও একমাত্র উপায় হিসেবে বারবারই বলা হচ্ছে, একসঙ্গে বেশি লোকজনের না থাকা এবং সর্বোচ্চ পরিচ্ছন্নতা মেনে চলা। এই অবস্থায় জেলের অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে অত বন্দির থাকা নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই কথা বিবেচনায় রেখে এদিনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জেলবন্দিদের সুরক্ষার কথা ভেবে দেশের সমস্ত কারাগারকে সংক্রমণ মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই রায়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বিচারাধীন বন্দি ও সাজাপ্রাপ্ত বন্দিদের জামিনে অথবা প্যারোলে মুক্তি দিতে হবে। এর পরে পরেই তিহাড় জেল কর্তৃপক্ষ হাজার তিনেক বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দাগি অপরাধীদের মুক্তি দেওয়া হবে না।