করোনা এবার কাশ্মীরে! দু’জনের শরীরে মারণ ভাইরাসের সন্দেহ, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মোদী

Saturday, March 07, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোহিত কানসালের শনিবার সকালের একটি টুইট সেই আতঙ্ককে উস্কে দিয়েছে। তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের দু'জন ব্যক্তির উপসর্গ দেখে মনে করা হচ্ছে তাঁদের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস।

 ইতিমধ্যেই ভারতে ৩১জনের শরীরে মিলেছে নভেল করোনা ভাইরাস। এবার সেই মারণ ভাইরাস কি থাবা বসাল জম্মু-কাশ্মীরেও?
নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোহিত কানসালের শনিবার সকালের একটি টুইট সেই আতঙ্ককে উস্কে দিয়েছে। তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের দু’জন ব্যক্তির উপসর্গ দেখে মনে করা হচ্ছে তাঁদের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পজিটিভ হবে বলেই আশঙ্কা প্রশাসনের।

৩৭০ ধারা প্রত্যাহারের করে নেওয়ার পর জম্মু ও কাশ্মীরের স্কুল-কলেজ অশান্তির আশঙ্কায় বন্ধ হয়ে গেছিল। লাটে উঠেছিল পড়াশোনা। কয়েকদিন হল স্কুলগুলি খুলতে শুরু করেছিল। এর মধ্যেই করোনা আতঙ্ক নতুন করে প্রভাব ফেলেছে ভূস্বর্গের শিক্ষাঙ্গনে। মারণ ভাইরাসের আতঙ্কে জম্মু ও সাম্বা জেলার সমস্ত প্রাথমিক স্কুল অনির্দিষ্টকলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
গোটা দেশেই আতঙ্ক ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বিকেলে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যের চিকিৎসক প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়েছে দিল্লিতে। বাংলা থেকে ওই শিবিরে যোগ দেন এসএসকেএম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও রাজ্য স্বাস্থ্য দফতরের নোডাল অফিসাররা। রাজ্যে ফিরে তাঁরা আবার প্রশিক্ষণ দেবেন অন্য চিকিৎসকদের। রাজ্যে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন, আতঙ্কিত হবেন না। সতর্ক হোন।
করোনাভাইরাসের আক্রমণে চিনের অবস্থা ভয়াবহ। তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে। চিনের বাইরেও ছড়াতে শুরু করেছে অসুখ। ইরানে মারা গেছেন দেড়শো জনেরও বেশি, ইতালিতে মৃত ১৪৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর রিপোর্ট অনুযায়ী ৮০টি দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
‘হু’ প্রকাশিত ঝুঁকির দেশগুলির তালিকায় আগেই ছিল ভারত। সে ঝুঁকির আশঙ্কা সত্যি করে ভারতে ইতিমধ্যেই ৩০ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। তাঁদের মধ্য ১৬ ইতালীয় পর্যটক। কেরল থেকে শুরু হয়েছিল এই রোগের আক্রমণ। তার পরে তেলেঙ্গানায় ধরা পড়েন করোনাভাইরাস আক্রান্ত এক রোগী। এখন সে অসুখ এসে পৌঁছেছে দিল্লিতে। এবার নতুন সংযোজন কাশ্মীর।
সূত্র: দ্য ওয়াল ব্যুরো

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator