খবরটি শুনুন
অডিও সংস্করণ
রবিবার দেশজুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি এও পরামর্শ দিয়েছেন, রবিবার বিকেল ৫টার সময় গোটা দেশ যেন ৫ মিনিট হাততালি দিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান। মোদীর এই ডাকে যে দেশ সাড়া দিয়েছে তার ছবি দেখা গেল আগের দিনই। যখন উত্তর থেকে দক্ষিণ ভারত, সবাই নিজেদের বাড়িতে দাঁড়িয়ে হাততালি দিলেন, থালা বাজালেন।
শনিবার বিকেলেই ছবিটা দেখা যায়। নয়ডা থেকে বেঙ্গালুরু, উঁচু উঁচু আবাসনের বাসিন্দারা জড়ো হয়েছেন ব্যালকনিতে। তারপর শুরু হল হাততালি। ক্রমে এই সংখ্যাটা বাড়তে থাকল। শুধু হাততালি দেওয়া নয়, সেইসঙ্গে বাজানো হল থালা। সেইসময় সেইসব আবাসনের নীচে নিজেদের কাজে ব্যস্ত সাফাইকর্মী থেকে জরুরি পরিষেবার কাজে যুক্ত একাধিক ব্যক্তি। তাঁদেরকেই যেন ধন্যবাদ জানালেন জনতা।
হাততালি দেওয়া বা থালা বাজানোর পাশাপাশি সবার মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও। এই মহামারীকে রুখতে সত্যিই যেন এক হয়ে গেল গোটা ভারত। এটা যদি ট্রেলর হয় তাহলে রবিবার বিকেল ৫টায় হয়তো এই দৃশ্য আরও ভাল চোখে পড়বে।