করোনা আক্রান্ত সন্দেহে যুবককে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ

Wednesday, March 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর থেকেই আতঙ্ক কয়েকগুণ বেড়ে গিয়েছে রাজ্যে। ভারতে ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা ১৫১ জন। এবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এই সন্দেহে এক যুবককে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ। বুধবার সকাল পৌনে দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে অণ্ডাল হাসপাতালে। চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস থেকে এক যুবককে নামিয়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় জিআরপি।জানা গিয়েছে, বীরভূমের বাসিন্দা ওই যুবকের নাম মির্জা আমির সোহেল। বছর তেইশের এই যুবক চারবছর ধরে তামিলনাড়ুর গোন্ডা জেলায় ঠিক শ্রমিক হিসেবে কাজ করেন। জানা গিয়েছে, সিউড়ি স্টেশনে নামার কথা ছিল মির্জা আমির সোহেলের। কিন্তু তার আগেই অণ্ডাল স্টেশনে করোনা আক্রান্ত সন্দেহে জিআরপি তাঁকে ট্রেন থেকে নামিয়ে দেয়। প্রথমে নিয়ে যাওয়া হয় রেলের হাসপাতালে। সেখান থেকে এক চিকিৎসক তাঁকে পাঠান আসানসোল জেলা হাসপাতালে। যদিও তাঁর শরীরে করোনাভাইরাসের কোনও নমুনা পাওয়া যায়নি। যুবক জানিয়েছেন, সপ্তাহ খানেক আগে তামিলনাড়ুতে থাকার সময় জ্বর হয়েছিল তাঁর। সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখিয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই সুস্থও হয়ে যান। তবে বাড়ির লোক ছেলের অসুস্থতার খবর পেয়ে আমিরকে বীরভূমে ফিরে আসতে বলে। এদিন বীরভূমের জেলাশাসকের তরফে আমিরের বাবাকে খবর পাঠানো হয়। খবর পেয়েই ছেলেকে নিতে আসানসোল জেলা হাসপাতালে আসেন তিনি। চারদিকে করোনার আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। ছেলের জ্বর হয়েছিল শুনে তাই আমিরকে বাড়ি ফিরে আসতে বলেছিলেন তাঁর বাবা।অন্যদিকে আসানসোল জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, যুবকের সবরকম পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator