খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা উপলক্ষ্যে দলে দলে বিজেপি কর্মীরা ভিড় জমিয়েছিলেন শহিদ মিনার চত্বরে। আর সেই সভায় যাওয়া পথেই বিজেপির মিছিল থেকে উঠেছিল বিতর্কিত স্লোগান ‘গোলি মারো’। এই ঘটনায় গতকাল রাতে আরও এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে৷ সুজিত বড়ুয়া নামে বিজেপি নেতাকে ঘোলা থেকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম সুজিত বড়ুয়া৷ এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল চার৷অন্যদিকে ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্তত ২৫ জনকে শনাক্ত করেছে লালবাজার। এবার তাঁদের চিহ্নিতকরণ ও ধরপাকড়ের কাজ চলছে৷ পাশাপাশি উস্কানিমূলক স্লোগান দিলেই কড়া ব্যবস্থা নেওয়ার জন্য থানাগুলিকে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।উল্লেখ্য, গত রবিবার শহিদ মিনারে অমিত শাহের সভায় ‘গোলি মারো’ স্লোগানে উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে৷ এই উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় সক্রিয় হয় পুলিশ৷ সেদিনই কলকাতা থেকে তিন জন বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ৷ শুরু হয় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কাজ৷সেদিন রাতভর তল্লাশি অভিযান চালিয়ে সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদ নামে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে রাতেই নিউ মার্কেট থানায় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-A (দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরিতে উস্কানি দেওয়া), ৫০৫ (কোনও সম্প্রদায়কে হুমকি দেওয়া), ৫০৬ (কোনও ব্যক্তিকে হুমকি দেওয়া) এবং ৩৪ (সমবেত ভাবে অপরাধ করা)- এই ৪ ধারায় মামলা রুজু করা হয়।সোমবার ধৃত ৩ জনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ উভয় পক্ষের সওয়াল জবাবের পর শর্তসাপেক্ষে ধৃত ধ্রুব বসুর জামিন মঞ্জুর করেন বিচারক৷ কিন্তু ধৃত বাকি ২ বিজেপি কর্মীর জামিন খারিজ করে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ শনিবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে ৬ জনকে। যাদের মুখে শোনা গিয়েছে, ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো’ স্লোগান। দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে এই স্লোগান শোনা গিয়েছে। আর তার জেরেই এই ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।এর আগে এই ধরনের মন্তব্য শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মুখে। খাস দেশের রাজধানীতে দাঁড়িয়ে একথা বলেছিলেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের এই স্লোগান ও জনতার উত্তরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই চাঞ্চল্য তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। তাহলে কী আইন নিজের হাতে তুলে নেওয়ার সওয়াল করছেন অনুরাগ ঠাকুর, এই প্রশ্ন তুলছেন নেটিজেনরা ও বিরোধী রাজনৈতিক দলগুলি।
