‘তৃণমূল মাতালের দল, তাই খোলা মদের দোকান’, কটাক্ষ বিজেপি নেতার।

Friday, April 17, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
হুগলি: আবারও শাসকদল তৃণমূলকে সরাসরি আক্রমণ বিজেপি নেতা সায়ন্তন বসুর। এবার তৃণমূলকে ‘মাতালের দল’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সম্পাদক। একইসঙ্গে রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সঠিক তথ্য সরকার দিচ্ছে না বলেও অভিযোগ রাজ্য বিজেপির অন্যতম এই শীর্ষ নেতার।

গোটা দেশের পাশাপাশি করোনার সংক্রমণ বাড়ছে বাংলাতেও। শুরু থেকেই বাম দলগুলি ও বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করোনা নিয়ে তথ্য গোপন করছেন। সম্প্রতি হুগলিতে জুটমিল শ্রমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সায়ন্তন বসু।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তাঁর অভিযোগ, ‘লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানই খোলা থাকার কথা। কিন্তু এরাজ্যের বিভিন্ন এলাকায় মদের দোকানও খোলা থাকছে। তৃণমূলে মাতালের সংখ্যা বেশি। তাঁদের প্রয়োজন বলেই রাজ্যে মদের দোকান খোলা রয়েছে।’

রাজ্যে করোনার সংক্রমণ নিয়ে সরকার তথ্য গোপন করছে বলেও অভিযোগ সায়ন্তনের। তাঁর অভিযোগ, ‘রাজ্য যা হিসেব দিচ্ছে, তার চেয়েও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রে সঙ্গে সবসময় ৩০-৪০ জনের হিসেবের ফারাক থেকে যাচ্ছে। কেন্দ্র বাস্তব পরিস্থিতি জানাতে তৎপরতা নিচ্ছে। রাজ্য সরকার করোনার সংক্রমণ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’

এরই পাশাপাশি লকডাউন সফল করতেও রাজ্যের একাধিক এলাকায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে না বলে অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫। করোনায় মৃত বেড়ে ১০। যদিও বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার জানায় বাংলায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত বেড়ে ১৪৪।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator