খবরটি শুনুন
অডিও সংস্করণ
বাবুল সরকার, কুমারগ্রাম, ৭ এপ্রিলঃ টিভিতে দেখে, বাড়ির লোকেদের মুখে করোনার ভয়াবহতা শুনেছিল শিশুটি। দেশের ও রাজ্যের সরকার করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে সরকারের জরুরি ত্রাণ তহবিলে অর্থ জমা করা হচ্ছে। এইকাজে পিছিয়ে রইল না কুমারগ্রাম ব্লকের প্রত্যন্ত তুরতুরিখণ্ড গ্রাম পঞ্চায়েতের হাতিপোঁতার দেবজ্যোতি ধর। ২ বছর ধরে জমানো টাকা রাজ্য জরুরি ত্রাণ তহবিলের জমা করার জন্য বিডিও’র হাতে তুলে দিল স্কুল পড়ুয়া দেবজ্যোতি।
কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকারের হাতে জমানো টাকা তুলে দিয়েছে সে। জানা গিয়েছে, দেবজ্যোতি ২ বছর ধরে একটি মাটির তৈরি আমের মধ্যে টাকা জমিয়েছে। রবিবার সকালে বাবাকে সঙ্গে নিয়ে কুমারগ্রাম বিডিও অফিসে হাজির হয় সে। তার জমানো টাকা রাজ্য জরুরি ত্রাণ তহবিলের জন্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করে।।
দেবজ্যোতির কথা শুনে বিস্মিত হয়ে যান কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার ও তার অফিসের অন্য আধিকারিক, কর্মীরা। এরপর ছোট্ট দেবজ্যোতি বিডিও মিহির কর্মকারের হাতে মাটির আমটি তুলে দেন। এভাবেই করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ানোর এক অন্য দৃষ্টান্ত স্থাপন করল ৯ বছরের দেবজ্যোতি। মাটির আমটি তুলে দেওয়ার পর সে নমস্কার করেন বিডিও’কে। পাল্টা নমস্কার করে দেবজ্যোতির এই মহান মানসিকতাকে কুর্ণিশ জানান বিডিও মিহির কর্মকার।
এ বিষয়ে কুমারগ্রামের বিডিও বলেন, এদিন তুরতুরিখণ্ড এলাকা থেকে বাবার সঙ্গে অফিসে আসে দেবজ্যোতি। একটি মাটির আমে ২ বছর ধরে সে টাকা জমিয়েছিল। করোনা মোকাবিলায় রাজ্য জরুরি ত্রাণ তহবিলে জমা করার জন্য আমার হাতে সে জমানো টাকা তুলে দিয়েছে। ছোট্ট ওই শিশুটি এক অন্য দৃষ্টান্ত স্থাপন করল। রাজ্য জরুরি ত্রাণ তহবিলে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে।
