খিদের জ্বালা হয়তো একই বলে, খাবার, জল লুঠ করছেন ভিন রাজ্যের শ্রমিকরা

Sunday, May 24, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
খিদের জ্বালা হয়তো একই বলে। যেখানে কেউ স্থান, কাল, পাত্র দেখেন না, শুধুই চেষ্টা করেন যে করেই হোক নিজের বা নিজের পরিবারের মুখে খাবার তুলে দেবেন। আর এই চেষ্টায় আইনবিরুদ্ধ কাজও করে ফেলেন তাঁরা। সেই ছবিই দেখা গেল পুরনো দিল্লি স্টেশনে। সেখানে খিদের জ্বালায় খাবার লুঠ করলেন ভিন রাজ্যের শ্রমিকরা। ঘটনাটি শুক্রবার ঘটেছে। কিন্তু তার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বাড়ি ফেরার জন্য শ্রমিক স্পেশ্যাল ট্রেনে উঠছেন শ্রমিকরা। হঠাৎ একটি খাবার ও জলভর্তি ঠেলাগাড়ি নিয়ে সেখানে আসেন এক রেলকর্মী। সেই খাবার ও জল শ্রমিকদের জন্যই ছিল। কিন্তু ট্রেনে তোলার আগেই সেই গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েন শ্রমিকরা। তারপরে শুরু হয় লুঠ। ভিডিওতে দেখা যাচ্ছে, চারটি কার্টুনের মধ্যে চিপস, বিস্কুট ও জল রয়েছে। মুহুর্তের মধ্যে তা লুঠ হয়ে যায়। এমনকি একে অন্যের হাত থেকে খাবার ও জল ছিনিয়ে নিতেও দেখা যায় শ্রমিকদের। তারপর সেখান থেকে পালিয়ে যান তাঁরা। ঘটনাস্থলে কোনও পুলিশকর্মীর দেখা মেলেনি। এই ছবিটা অবশ্য নতুন নয়। দেশজুড়ে লক ডাউন ঘোষণা করার পর থেকে সবথেকে সমস্যায় রয়েছেন এই ভিন রাজ্যের শ্রমিকরা। কাজ বন্ধ। থাকার আশ্রয় নেই। খাবার জুটছে না। রাজ্য সরকারগুলির তরফে থাকা খাওয়ার ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। ফলে হেঁটে কিংবা সাইকেলে বাড়ি ফেরার চেষ্টা করতে থাকেন শ্রমিকরা। রাজ্য সরকারগুলির অনুরোধের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস ও ট্রেনের অনুমতি দিলেও এখনও হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে বা অন্য উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তার খেসারতও দিতে হচ্ছে। কেউ না খেতে পেয়ে বা ক্লান্তিতে মারা যাচ্ছেন, তো কেউ আবার দুর্ঘটনার শিকার হচ্ছেন। শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলিতেও বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। গতকাল উত্তরপ্রদেশে পচা খাবারের অভিযোগ তুলে লাইনে নেমে বিক্ষোভ দেখান শ্রমিকরা। কয়েক দিন আগে মধ্যপ্রদেশে ট্রেনের মধ্যেই খাবার নিয়ে লড়াই বাঁধে শ্রমিকদের মধ্যে। খিদের এই জ্বালা ফের একবার দেখা গেল পুরনো দিল্লি স্টেশনে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator