খবরটি শুনুন
অডিও সংস্করণ
![]() |
| প্রতীকী ছবি |
মুম্বই: দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। আগামী ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। প্রথমে ট্রেন, এরপর বিমান চালাতে উদ্যোগী মোদী সরকার। কিন্তু দেশ স্বাভাবিক করার চেষ্টা করা হলেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় ৩১ মে-র পর দেশে লকডাউন উঠবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দেশের বিভিন্ন রাজ্যে ক্রমশ বাড়ছে সংক্রমণ। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। আর সে কারণে দেশের এই রাজ্যে লকডাউন ৩১ মে-র পরও চলতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজ রবিবার এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। প্রতীকী ছবি রবিবার একটি ভিডিও বার্তায় উদ্ধব বলেন, ‘৩১ মে-র পর লকডাউন নাও উঠতে পারে। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ এখন লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় আমাদের আলোচনা করে ভবিষ্যতের পদক্ষেপ ঠিক করতে হবে। তবে স্বাস্থ্য কর্মীদের আশ্বস্ত করে বলতে চাই, আমরা তাঁদের পাশে রয়েছি’।এদিকে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পর মহারাষ্ট্রের পক্ষ থেকেও ২৫ মে থেকে সে রাজ্যে বিমান পরিষেবা শুরু না করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য সংক্রমণের হারে এখনও দেশে প্রথম মহারাষ্ট্র। গতকালের তথ্য অনুযায়ী সে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,১৯০ জন। মৃত্যু হয়েছে ১৫৭৭ জনের।
