খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ৪ মেঃ রাজগঞ্জের টাকিমারি চর এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হল ধানের জমির পাশ থেকে । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, রবিবার রাতে টাকিমারি চরের মহারাজঘাট এলাকায় ধানের জমির পাশে একটি হাতি মৃত অবস্থায় পড়ে থাকার খবর পায় বনদপ্তর। এলাকায় বৈকন্ঠপুর জঙ্গল রয়েছে। অভিযোগ, অনেক কৃষক জমির ফসল হাতির হাত থেকে বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন। এর আগেও ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। এই হাতিটিরও বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হতে পারে বলে অনুমান। সূত্রের খবর, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন সকালে বনদপ্তরের আধিকারিক ও মিলনপল্লি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন , প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে জানান। এ খবর পেয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় ঘটনাস্থলেই পৌঁছায় এবং বনদপ্তরকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়।
