ফ্রি ফায়ার গেমের পাসওয়ার্ড আনতে গিয়ে নিখোঁজ মোবাইল আসক্ত কিশোর, পরে মিলল দেহ

Friday, May 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পূর্ব বর্ধমান: মোবাইল গেমে আসক্ত এক কিশোরের দেহ মিলল নদীর পাড় থেকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হল শক্তিগড় থানার করন্দা গ্রামে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে তার দেহ উদ্ধার হয় গ্রামের কানা নদীর পাড় থেকে। করন্দা গ্রামের বাসিন্দা মৃত কিশোর শুভ মণ্ডল (১৫)। ভৈটা হরিদাস কর বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্র দাদু দিদিমার সঙ্গে থাকত। তার বাবা বেঙ্গালুরুতে রঙ মিস্ত্রির কাজ করেন। মা সেখানেই পরিচারিকার কাজ করেন। তাঁর দাদু-দিদা জানান, লকডাউনে স্কুল বন্ধ থাকায় সারাদিনই মোবাইল ফোনে গেম খেলত সে। খাওয়া ঘুম ভুলে দিনরাত মোবাইল ফোন নিয়ে পড়ে থাকত। ওই কিশোরের বন্ধুরা জানায়, মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলত সে। কিন্তু কয়েক দিন ধরে সেই গেম হ্যাক হয়ে যাওয়ায় খেলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিল। অভিযোগ, খড়গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোর নাকি তাকে এই গেমের পাসওয়ার্ড জোগাড় করে দেওয়ার প্রলোভন দেখায়। তাকে ডেকেও পাঠায়। গত ১৭ মে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর হদিস মেলেনি তার। খবর পেয়ে বাড়ি আসেন তাঁর বাবা নির্মল মণ্ডল ও মা সাগরিকা মণ্ডল। থানায় ডায়েরি করা হয়। এরপরেই পুলিশ খড়গ্রামের ওই কিশোর-সহ দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি শুভর খোঁজে তল্লাশি চলতে থাকে গোটা এলাকায়। পাড়ার লোকজন বাঁকা নদী সহ নানা জায়গায় খোঁজ শুরু করেন। তল্লাশি চালায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনও। বৃহস্পতিবার দুপুরে করন্দা গ্রামে কানা নদীর পাড় থেকে তার দেহ মেলে। পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে তাঁকে সনাক্ত করেন পরিবারের লোক। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের লোক। গ্রামের লোকেরাও হতবাক। এক তরতাজা কিশোরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান জানান, গোটা বিষয়টা নিয়ে তদন্ত চলছে। খুনের মোটিফ সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্ত দরকার।সূত্রঃ thewall

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator