খবরটি শুনুন
অডিও সংস্করণ
করোনা থাবায় পণ্ড হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার পার্থবাবু জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। তবে এই তিনটি তারিখই সম্ভাব্য। এখনও কিছুই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে। করোনা সতর্কতায় মার্চের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। তারপর ধাপে ধাপে একের পর এক সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর। প্রথম দফায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ। অর্থাৎ এবছর যারা ক্লাস ওয়ানে পড়ছে পরের শিক্ষাবর্ষে তারা এমনিই দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হবে। ক্লাস এইটের ছেলেমেয়েরা উঠবে নাইনে। তারপর একাদশ শ্রেণি নিয়েও সিদ্ধান্ত জানায় রাজ্য। পার্থবাবু ঘোষণা করেন একাদশ শ্রেণির সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিরও পরীক্ষা অসম্পূর্ণ ছিল।
মাধ্যমিকের খাতা দেখার বিষয়েও কয়েকদিন আগে সরকারি সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউন উঠলেই ফলপ্রকাশ করা হবে। যদিও তারপর চতুর্থ দফার লকডাউন ঘোষিত হয়েছে সারা দেশে। চলবে ৩১ মে পর্যন্ত। তারপর ভর্তি প্রক্রিয়া। ইতিমধ্যেই জয়েন্ট এণ্ট্রাস ও নিট পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। ফলে উচ্চমাধ্যমিক তথা হায়ার সেকেন্ডারি স্তরের পরীক্ষা শেষ করার বাধ্যবাধকতাও রয়েছে বোর্ডগুলির। শিক্ষামহলের অনেকের মতে, ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতির জন্যই সম্ভাব্য তারিখের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তবে সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। সূত্রঃ thewall
