আনলক ওয়ানের প্রথম দিনে ঘোষণা হল রাজ্য বিজেপির নতুন কমিটি।

Monday, June 01, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
লকডাউনের অনেক আগেই বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হওয়ার কথা থাকলেও আনলক ওয়ানের প্রথম দিনে সেই ঘোষণা হল। উল্লেখযোগ্য বদল এল দলের দুই শাখা সংগঠনে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের জায়গায় মহিলা মোর্চার সভানেত্রী হলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। লকেট চট্টোপাধ্যায় হলেন রাজ্য সাধারণ সম্পাদক। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও রাজ্য সাধারণ সম্পাদক হলেন। দলের যুব সংগঠনেও নতুন মুখ। এলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এই পদে আগে ছিলেন দেবজিৎ সরকার। তিনি গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন। রাজ্যের নতুন কোর কমিটিতে জায়গা পাননি দেবজিৎ। রাজ্য কমিটিতে এলেন তৃণমূল কংগ্রেস থেকে আসা সল্টলেকের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তিনি রাজ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন লকডাউনের অনেক আগে বিজেপির রাজ্য কমিটির ঘোষণা হওয়ার কথা ছিল। গত জানুয়ারি মাসে সভাপতি নির্বাচনের পরে পরেই তা ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু দিনের পর দিন তা পিছিয়ে যায়। গত ১৬ জানুয়ারি ফের রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষ। দলের পক্ষে জানানো হয়, এর পরেই রাজ্যের পক্ষে কমিটি তৈরি করে তা কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু তা ঘোষণা হয়নি। এর পরেই শুরু হয়ে যায় করোনা সংক্রমণ ও লকডাউন। অবশেষে সেই কোর কমিটির ঘোষণা হল। এদিন দলের নতুন রাজ্য কমিটিতে যে পাঁচ জন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে আছেন সায়ন্তন বসু, রথীন্দ্রনাথ বোস, সঞ্জয় সিংহ, জ্যোতির্ময় সিং মাহাত এবং লকেট চট্টোপাধ্যায়। এর মধ্যে জ্যোতির্ময় ও লকেট নতুন দায়িত্ব পেলেন। বাকিরা আগেও ‌এই পদে ছিলেন। দলের ১২ জন সহ সভাপতির নামও ঘোষণা হয়েছে। সেই তালিকায় রয়েছেন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বাপি মিত্র, রাজকুমার পাঠক, জয়প্রকাশ মজুমদার, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু), রিতেশ তেওয়ারি, দীপেন প্রামানিক, অর্জুন সিং, ভারতী ঘোষ ও মাফুজা খাতুন।
ল্লেখযোগ্য ভাবে এই তালিকা থেকে বাদ পড়েছেন চন্দ্র বসু। তাঁর সঙ্গে অনেক দিন ধরেই দলের দূরত্ব তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে আগে থাকতেই জল্পনা ছিল যে, চন্দ্র বসু বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ পরবেন। এছাড়াও ১০ জন সম্পাদকের নাম এদিন ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন, তুষার মুখোপাধ্যায়, তুষারকান্তি ঘোষ, অরুণ হালদার, বিবেক সোনকর, সব্যসাচী দত্ত, তনুজা চক্রবর্তী, ফাল্গুনী পাঠক, সংঘামিত্রা চৌধুরী, সর্বরী মুখোপাধ্যা ও দীপাঞ্জন গুহ। এছাড়াও কিষাণ মোর্চার সভাপতি হয়েছেন মহাদেব সরকার ও সংখ্যালঘু মোর্চার দায়িত্বে আলি হোসেন। বিজেপির এসসি মোর্চার সভাপতি হয়েছেন দুলাল বর এবং এসটি মোর্চার সভাপতি খগেন মুর্মু।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator