খবরটি শুনুন
অডিও সংস্করণ
তিরুঅনন্তপুরম: কেরলে হাতি মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। কেরলের বনমন্ত্রী কে রাজু একথা জানিয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তির বয়স জানা গিয়েছে ৪০ বছর। তিনি ওই বাজি সরবরাহ করেছিলেন বলে অভিযোগ। এছাড়া বাজি সরবরাহের পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, কীভাবে ওই বাজি ব্যবহার করতে হয়, তাও অন্যদের দেখিয়ে দিয়েছিলেন তিনি। গত সপ্তাহে নৃশংস ভাবে আনারসের মধ্যে বাজি দিয়ে হত্যা করা হয় হাতিটিকে। মৃত্যুর সময় ওই হাতিটি গর্ভবতী ছিল। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার হয়ে ভাইরাল হয়। সারা দেশ এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে। প্রচুর সেলেবরাও এই ঘটনায় টুইট করেন। সাধারণ মানুষও বিচারের জন্য অনলাইনে সই সংগ্রহ করতে শুরু করেন। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, ঘটনার দোষীরা অবশ্যই শাস্তি পাবে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছিল কেরলের মল্লপুরমে। এক গর্ভবতী ক্ষুধার্ত হাতি গ্রামে এসেছিল। কিছু গ্রামবাসী তাকে আতশবাজি ভরা একটি আনারস খাওয়ায়। গলার ভেতরে সেই আতশবাজি ফাটতে থাকে। অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে হেঁটে হেঁটে নদীতে গিয়ে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে থাকে সেই মা হাতিটি। কিন্তু সেখানেই মৃত্যু হয় অবলা প্রাণীটির। গর্ভের সন্তানের আর পৃথিবীর আলো দেখা হয় না। এই ঘটনায় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানবিকতা। কেরলের মল্লপুরম এর একজন বনকর্মী সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রথম তুলে ধরেন। মুহূর্তে এই ঘটনা ছড়িয়ে পড়ে সারাদেশে। গর্ভবতী হাতিটি বন ছেড়ে খাবারের উদ্দেশ্যে গ্রামে এসেছিলো। কিন্তু তার সঙ্গেই নির্মম মানুষরা এই সাংঘাতিক আচরণ করেছে। দেশজুড়ে ঘটনার নিন্দা হচ্ছে।
