খবরটি শুনুন
অডিও সংস্করণ
পড়শি দেশ বাংলাদেশেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় সে দেশে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে! এই পরিস্থিতিতে কড়া স্বাস্থ্যবিধি ঘোষণা করা হল সেদেশে। নতুন এই ঘোষণায় সতর্ক করা হয়েছে, মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে কাউকে সর্বোচ্চ ছ’মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে! এই সমস্ত কড়াকড়ির বিশেষ কারণ হল, গতকাল রবিবার থেকেই দীর্ঘ দিন বন্ধ থাকার পরে চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস। আঝ, সোমবার চালু হচ্ছে গণপরিবহনও। সরকারে পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার করা ইত্যাদি। কিন্তু নির্দেশ যাতে সকলে পালন করেন, সেজন্যই কঠোর শাস্তির কথাও ঘোষণা করেছে সরকার। অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়। তবে জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে কেউ বাইরে বেরোলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া আদেশ অমান্য করার কারণে একই ব্যক্তি আরও তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন। নিয়ম অনুযায়ী বাড়ির বাইরে বেরোনোর সময়ে কোনও ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কেউ এই আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। অবশ্য এই আইন জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গেই বাস্তবায়ন করতে বলা হয়েছে। মানবিক ভাবে দেখতে বলা হয়েছে বিষয়টি।
