খবরটি শুনুন
অডিও সংস্করণ
পরীক্ষা হয়ে গিয়েছে পাঁচ মাস আগে কিন্তু করোনা অতিমারির কারণে এতদিন থমকে গিয়েছিল ফল প্রকাশ। জানা যাচ্ছে যে চলতি সপ্তাহেই প্রকাশ পেতে পারে মাধ্যমিকের ফলাফল! তবে করোনার কারণে সর্তকতামূলক ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকের মার্কশিট পরীক্ষার্থীর হাতে দেওয়া হবে না। বরং তা দেওয়া হবে অভিভাবককে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তবেই মিলবে মার্কশিট।
তবে যেদিন ফলাফল প্রকাশ হবে সেই দিনই মিলবে না মার্কশিট। অভিভাবকদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারপরে স্কুলের নির্দেশমতো স্কুলে গিয়ে অভিভাবকরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
করোনার কারণে অল্প বয়সী ছাত্র-ছাত্রীদের স্কুলে না নিয়ে আসার জন্যই এই রকম সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অভিভাবকরা যদি স্কুলে আসেন তাহলে তারা অনেকটাই সুরক্ষিত অবস্থায় আসতে পারবেন।
এই বছর ১৮ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়ে গিয়েছিল ২৭শে ফেব্রুয়ারি। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। এবার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯। আগের বছর থেকে পরীক্ষার্থীর সংখ্যা এই বছর কম ছিল।
