খবরটি শুনুন
অডিও সংস্করণ
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দিল বেচারার ট্রেলার। এবার জানা গেল যে আগামীকাল মুক্তি পেতে চলেছে এই ছবির টাইটেল ট্র্যাক। এই টাইটেল ট্র্যাকই সুশান্তের শ্যুট করা শেষ গান। এই গানের কোরিওগ্রাফি করেছেন ফারহা খান এবং সুর দিয়েছেন কিংবদন্তি সুরকার এ আর রহমান।
সোশ্যাল মিডিয়ায় এই ছবির অভিনেত্রী সঞ্জনা সাংঘি আগামীকাল এই গানের রিলিজের কথা পোস্ট করে লেখেন যে, আপনাদের জন্য ছোট্ট এক ঝলক জীবন রইল যা ম্যানি সবসময় নিয়ে আসত এবং কিজিকে মুগ্ধ করে দিত। আগামীকাল বেলা ১২ টায় প্রকাশ পাবে ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক!
ছবির পরিচালক মুকেশ ছাবরা জানিয়েছেন যে, এই ছবির টাইটেল ট্র্যাক আমার অন্যতম প্রিয় এই গানটাই সুশান্তের জীবনে শেষ শ্যুট করা গান। ফারহা খান এই গানের কোরিওগ্রাফি করেছেন এবং উনি সুশান্তকে একদিন রিহার্সাল করিয়েছিলেন। আর গোটা গানের শুটিং হয়েছিল মাত্র একটা শটে! গানের দৃশ্যায়ন ভীষণ সরল এবং সুশান্ত যেহেতু একজন খুব ভাল নৃত্য শিল্পী ছিল তাই পুরো গানটাই আপনার দেখলে মনে হবে এফর্টলেস!
মুকেশ আরও জানিয়েছেন যে, আমি ফারহা দি কে একবার অনুরোধ করতেই উনি রাজি হয়ে গিয়েছিলেন গানের কোরিওগ্রাফি করতে। উনি কিন্তু এই কোরিওগ্রাফির জন্য আমার কাছ থেকে একটা টাকাও নেননি।
ফারহা খান জানিয়েছেন যে এই গানটা তার খুব কাছের কারণ এই প্রথমবার তিনি সুশান্তকে কোরিওগ্রাফি করেছিলেন। সুশান্তের সঙ্গে আমার অনেক দিন আগে থেকেই বন্ধুত্ব ছিল কিন্তু এইবারই প্রথম আমি ওঁর সঙ্গে কাজ করেছিলাম। তাছাড়া আমি মুকেশ কে কথা দিয়েছিলাম যে ও যখন জীবনের প্রথম পরিচালনা করবে তখন আমি ওঁর ছবির একটি গানের কোরিওগ্রাফি করব। আমি চেয়েছিলাম এই গানটা শ্যুট হোক একটা শটে কারণ আমি জানতাম সুশান্ত এটা পারফেক্টলি করে ফেলতে পারবে। কারণ আমি এর আগে একটা ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে উপস্থিত ছিলাম এবং সেখানে সুশান্ত একজন সেলিব্রিটি অতিথি হিসাবে এসেছিল আর সেই শোতে প্রতিযোগীদের থেকে সুশান্ত ভাল নেচেছিল! সারাদিন রিহার্সাল করে পরে এক বেলার মধ্যেই শুটিং শেষ করে দিই। সুশান্ত শুধু আমার কাছ থেকে আমার বাড়ি খাবার খেতে চেয়েছিল যা আমি খুব আনন্দের সঙ্গেই এনেছিলাম!
তাই আগামীকাল চোখের কোণটা ভেজানোর জন্য আরেকবার প্রস্তুত থাকতে চলেছে সুশান্ত অনুরাগীরা!
