খবরটি শুনুন
অডিও সংস্করণ
এই রাজ্যে তুঘলকের শাসন চলছে, মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির এর ভূমিপুজো ঘিরে গোটা দেশজুড়ে ছিল প্রবল উত্তেজনা। গতকাল সারা দিন গেরুয়া পন্থী সংগঠনগুলি দেশের বিভিন্ন প্রান্তে এই ভূমি পুজো উদযাপন করেছে উৎসবের আকারে। কিন্তু এই রাজ্যে কালকে পালন করা হয়েছে সম্পূর্ণ লকডাউন! সৌজন্যে অবশ্যই রাজ্য সরকার। তবুও লকডাউন উপেক্ষা করেই পুজো দিতে যাওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে বিজেপি সমর্থক ও কর্মীদের। এই ঘটনার তীব্র নিন্দা করলেন দিলীপ ঘোষ। তিনি জানান, “পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা দুঃখ থেকে গিয়েছে যে লকডাউন করে তাদের মনের মতো করে উৎসব পালন করতে দেওয়া হল না। কিন্তু আমরা আইন মেনে বাড়িতে বা মন্দিরে পুজো করেছি। কিন্তু বিভিন্ন জায়গায় অনেক অপ্রিয় ঘটনা ঘটেছে। যেসব ভক্তরা মন্দিরে পুজো দিতে গেছেন তাদেরকে মন্দির থেকে টেনে বার করেছে পুলিশ। যেন তারা অপরাধী! রাস্তাতে আমাদের কর্মীদের আটকেছে, এমনকি জেলেও নিয়ে গেছে।রাস্তায় আটকেছে, জেলে নিয়ে গেছে।” দিলীপ বাবুর গলায় তখন তীব্র অসন্তোষ ঝরে পড়ছে। তার কথাতেই জানা গেল যে খড়্গপুরে যে বিজেপি কর্মীদের গতকাল আটক করা হয়েছিল তাদের এখনো জামিন হয়নি তাঁর সাফ বক্তব্য যে, মন্দিরে পুজো করার অপরাধে যদি কারোর জেল হয় তাহলে বুঝে নিতে হবে সেই রাজ্যে সুশাসন নেই। একথা বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা নয় যে তিনি এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেই করেছেন।
