‘ছক কষে খুন করা বন্ধ হোক’, টুইটে ফের রাজ্যকে খোঁচা ধনকড়ের

Monday, October 05, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

Image: Google

সকাল থেকে টানাপোড়েনের পর অবশেষে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেকথা উল্লেখ করে টুইট করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে আলোচনা হয়েছে বলেই টুইটে উল্লেখ করেন তিনি।  রাজ্যে ঘটে চলা রাজনৈতিক হিংসা এবং ছক কষে খুন করার মতো ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেই টুইটে দাবি করেন ধনকড়।



বারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে নির্ধারিত সময়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেননি রাজ্য প্রশাসনের কেউই। দুপুরে সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বারাকপুরে বিজেপি নেতা খুনের ঘটনা সংক্রান্ত তথ্য রাজ্যপালকে দেন মুখ্যসচিব। তদন্তের গতিপ্রকৃতি নিয়েই মূলত আলোচনা হয় তাঁদের।তারপরই  টুইট করেন রাজ্যপাল।

তিনি টুইটে উল্লেখ করেন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে  বৈঠক হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, সেদিকে অবশ্যই নজর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ঘটে চলা রাজনৈতিক হিংসা এবং ছক কষে খুন করার মতো ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশের সাহায্য নিয়েই তৃণমূল পরিকল্পনামাফিক মণীশ শুক্লাকে খুন করেছেন।

 রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের টুইটেও যেন বিজেপি নেতাদের তোলা অভিযোগই প্রতিফলিত হচ্ছে। তিনিও গেরুয়া শিবিরের নেতানেত্রীদের সুরেই পরিকল্পনামাফিক মণীশ শুক্লাকে খুন করা হচ্ছে বলেই অভিযোগে সরব হয়েছেন। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator