খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি, ৮ অক্টোবর : শিক্ষকের প্রতি ছাত্রের অভিনব গুরুদক্ষিণা। গাড়ি না পেয়ে করোনা আক্রান্ত শিক্ষককে নিজের বাইকে চাপিয়ে শোভাবাড়ী থেকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে পৌঁছে দিলেন ছাত্র। শিক্ষকের নাম অনিত ঘোষ নেতাজী বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক। ছাত্রের নাম নিতানন্দ বর্মন, তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত।
জানা গেছে, গত ৪ অক্টোবর করোণা পজিটিভ আসার পর থেকে হোম আইসোলেশনেই ছিলেন অনিত বাবু। গতকাল রাত থেকে তার শ্বাসকষ্ট ও বিভিন্ন রকম অসুবিধা দেখা দিলে অ্যাম্বুলেন্সের জন্য বিভিন্ন জায়গায় ফোন করেন তিনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোন পরিষেবা না পেয়ে প্রাক্তন ছাত্র নিত্যানন্দ বর্মনকে ফোন করে সহযোগিতা চান। নিজের শিক্ষকের ফোন পেয়ে নিত্যানন্দ বাবু অনেককে অনুরোধ করেও পাননি কোন গাড়ি বা টোটো। শেষে নিরুপায় হয়ে নিজের জীবন বিপন্ন করে পিপিই কিট না থাকায়, সাধারণ রেনকোট পরেই শোভাবাড়ি থেকে করোনা আক্রান্ত প্রাক্তন শিক্ষককে নিয়ে চললেন হাসপাতালের উদ্দেশে। প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে টিকিট করেন। এরপর নিয়ে যান জলপাইগুড়ি কোভিড হাসপাতালে।
অনিত বাবু তার কর্মজীবনের শেষে অবসরকালীন যে টাকা পেয়েছিলেন সমস্ত টাকাটাই উনি দান করেছিলেন তার কর্মক্ষেত্র নেতাজি বিদ্যাপীঠে। এমন একজন সমাজসেবক শিক্ষকের প্রতি ছাত্রের তথা আর এক সমাজসেবকের দায়বদ্ধতা, সমাজের মানবতার এক যুগান্তকারী নিদর্শন। শিক্ষকের প্রতি ছাত্রের গুরুদক্ষিণা।
