খবরটি শুনুন
অডিও সংস্করণ
বর্তমানে ভারতের সবথেকে আলোচ্য সংবাদটি হলো উত্তর প্রদেশের হাথরাসে সংঘটিত হওয়া দলিত কিশোরী মনীষা বাল্মীকির গণধর্ষণ এবং নৃশংসভাবে অত্যাচারের ফলে হত্যা। মনীষার মারা যাওয়ার পর উত্তরপ্রদেশের সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শুরু থেকেই পুলিশের অমানবিক আচরণ মেনে নিতে পারছেন না কোনো পক্ষই। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্ব গোটা ঘটনায় যোগী সরকারের ওপর রুষ্ট। বিরোধীরা ইতিমধ্যেই গোটা ঘটনায় রাজনীতির রং লাগিয়ে মাঠে নেমে পড়েছেন নিজেদের ফায়দা লুটে নিতে। কংগ্রেস থেকে তৃণমূল সকলেরই এখন গন্তব্য স্থল হাথরাস। যদিও সেখানে আবার তাদেরকে পুলিশি বর্বরতার মুখে পড়তে হচ্ছে।
এই গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বিকেল চারটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটবেন। বেলা চারটা থেকে মিছিল শুরু হবে বিড়লা প্লানেটরিয়াম এর সামনে থেকে এবং এই মিছিল শেষ হবে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। মমতার সঙ্গে থাকবেন রাজ্যের অন্যান্য উল্লেখযোগ্য নেতা-মন্ত্রীরা। এমনটাই জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্র মারফত।
যদিও বিরোধীদের বক্তব্য, মমতা উত্তরপ্রদেশে এই নৃশংস ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন ভালো কথা, কিন্তু তার সরকারও যে গেদে, গাইঘাটা, কামদুনি, পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে ঠিক কী কী পদক্ষেপ নিয়েছিল সেগুলো একবার মনে করে দেখতে বলছেন বিরোধীরা।
