খবরটি শুনুন
অডিও সংস্করণ
আইপিএল শেষ হতে আর দুই দিন বাকি। আর এই আইপিএল যাত্রা শেষ হতেই রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর। এই সফরের জন্য আগেই দল ঘোষণা করেছিল জাতীয় নির্বাচকরা। তবে চোটের কারণে অনেকেই অনিশ্চিত ছিলেন।
এদিন জানা গিয়েছে, ভারত অধিনায়ক বিরাট কোহলি কেবলমাত্র অ্যাডিলেড টেস্টে অংশ নেবেন কারণ সেই সময়ই অনুষ্কা শর্মার পাশে থাকতে চান তিনি। বিরাট ও অনুষ্কার প্রথম সন্তান জন্ম নেবে ওই সময়ই। সেই কারণেই শেষ তিনটি টেস্টে থাকবেন না বিরাট।
বিসিসিআই বিরাটের ছুটি মঞ্জুরও করেছে। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়। সেই সঙ্গে বিসিসিআই ভারতের টেস্ট, টি-২০ ও ওয়ানডের জন্য সোমবার একটি সংশোধিত দল ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। এদিন জানা গিয়েছে হেরোহিত শর্মা সীমিত ওভারের সিরিজে অংশ নেবেন না, তবে টেস্ট সিরিজ খেলবেন রোহিত।
জানানো হয়েছে, বোর্ডের মেডিকেল টিম রোহিতের চোট সারানোর কাজে লেগে রয়েছেন। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও রোহিত শর্মাকে নিয়ে আশ্বাস দিয়েছিলেন। এরই সঙ্গে জাতীয় নির্বাচন কমিটি একজন অতিরিক্ত উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনকে ওডি দলে যুক্ত করেছেন। সংশয় রয়েছে ঋদ্ধিমানের চোট নিয়েও।
ইশান্ত নিয়ে রয়েছে ভালো খবর। চোট সারলেই তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও চলতি অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে টি২০ দল থেকে বেরিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের তরুন স্পিনার বরুণ চক্রবর্তী। তার বদলে দলে নেওয়া হয়েছে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সফল বোলার টি.নটরাজনকে। দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না আর এক তরুণ নাইট বোলার কমলেশ নাগারকোট্টি।
