আগামী দু’মাসে শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ, নতুন করে টেট পরীক্ষা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Wednesday, November 11, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিতর্ক কিছু কম হয়নি। শিক্ষক পদে নিয়োগের দাবীতে দিনের পর দিন অনশনে বসেছে পরীক্ষার্থীরা। অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু আশানুরূপ ফল শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দু’মাসের মধ্যেই শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দেন তিনি। সঙ্গে এও ঘোষণা করেন যে নতুন করে আবার টেট পরীক্ষা নেওয়া হবে।

এদিন নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকদিন ধরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। কিন্তু এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ২০ হাজার পরীক্ষার্থী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউও হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করা হবে। পাশ করেছে ২০ হাজার”। আগামী দু’মাসের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, “সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে”। করোনা পরিস্থিতি একটু সামলে এলেই এই নিয়োগ প্রক্রিয়ার কজা শুরু করবেন বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান যে এই ১৬,৫০০ পদে শিক্ষক নিয়োগের পরেও যে সাড়ে তিন হাজার পরীক্ষার্থী থাকবে, যারাও টেট পাশ করেছেন, তাদেরও ধীরে ধীরে নিয়োগ করা হবে। এছাড়া রাজ্যের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে রাজ্যে। এই করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে উঠছে না। কিন্তু তৃতীয় টেট পরীক্ষার আবেদন জমা পড়েছে আড়াই লক্ষ। তাই যত দ্রুত সম্ভব অফলাইনে টেট পরীক্ষা নেওয়া হবে, এমনটাই ঠিক করা হয়েছে প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফ থেকে।

এছাড়াও এদিনের বৈঠকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। টেস্ট ছাড়াই সব ছাত্রছাত্রীরা ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator