খবরটি শুনুন
অডিও সংস্করণ
২০১৮ সালে ইন্টেরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক (Anvay Nayek) আর তাঁর মা কুমুদ নায়েকের (Kumud Nayek) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের (republic media network) এডিটর-ইন-চিফ এবং ডিরেক্টর অর্ণব গোস্বামীকে (Arnab Goswami)।
আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতারির আট দিনের মাথায় গতকাল অর্থাৎ বুধবার রাত সাড়ে আটটা নাগাদ নবি মুম্বইয়ের তালোজা জেল থেকে ছাড়া পান এই বিতর্কিত সাংবাদিক। সেখান থেকে লোয়ার প্যানেলে রিপালবিক টিভির স্টুডিও-তে হাজির হন। আটদিন পর নিজের চ্যানেলের স্টুডিও-তে দাঁড়িয়ে বলেন, ‘উদ্ধব ঠাকরে আমার কথা শুনুন। আপনি হেরে গিয়েছেন। আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে।’ হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের প্রতিটি ভাষায় তাঁর চ্যানেল শুরু করবেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও পা রাখবে তাঁর চ্যানেল।
ক্ষিপ্ত অর্ণব গোস্বামী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে আইন লঙ্ঘনেরও অভিযোগ তোলেন। জানান, আগামী ১১-১২ মাসের মধ্যে দেশের সব ভাষায় রিপাবলিক টিভি আত্মপ্রকাশ করবে। এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রেও পা রাখবে রিপাবলিক টিভি। তিনি বলেন, ‘আমি জেলের ভিতরে থেকেও (চ্যানেলগুলি) নিয়ে আসব এবং আপনি (উদ্ধব) কিছু করতে পারবেন না।’ সঙ্গে হুঁশিয়ারি দেন, ‘খেলা সবে শুরু হয়েছে।’
একই সঙ্গে অর্ণব দাবি করেন, গত ৮ই নভেম্বর থেকে তালোজা জেলে তিনবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, ‘উদ্ধব ঠাকরে, আপনি আমায় পুরনো, ভুয়ো মামলায় গ্রেফতার করেছেন এবং আমার কাছে ক্ষমাও চাননি।’
তবে রিপাবলিক মিডিয়া প্রধানের আগাম জামিনের আর্জি আগামী ২৩শে নভেম্বর স্থগিত করা হয়েছে। গত ৪ই নভেম্বর সকালে গ্রেফতারের জন্য যে পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন, তাঁদের হেনস্থার জন্য সেই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। অর্ণব, তাঁর স্ত্রী, ছেলে এবং দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা পুলিশ আধিকারিক। যিনি অর্ণবকে গ্রেফতার করতে গিয়েছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব। তিনি দাবি করেছিলেন, শুধুমাত্র ‘অবৈধ’ গ্রেফতারির প্রতিবাদ করেছিলেন তিনি।
