খবরটি শুনুন
অডিও সংস্করণ
আমাদের ক্রীড়াগত জ্ঞান যে একেবারে সীমিত, তা বোঝা যায় বেশ কিছু ক্রীড়ার সম্বন্ধে অজ্ঞতার বিষয়ে। ক্রিকেট-ফুটবল নিয়ে মাতামাতি থাকলেও কজনই বা জানেন সাঁতার প্রতিযোগিতা বা সাইক্লিং নিয়ে। তাদের জ্ঞানের বহরের দৌড় অলিম্পিক কিংবা কমনওয়েলথ গেমস অবধিই। অথচ খোদ শহর কলকাতায় সাইক্লিয়ের এত বড় আসর হয়ে গেল, সে নিয়ে ভ্রুক্ষেপ নেই অধিকাংশ ক্রীড়াপ্রেমীরই।
গতকাল কলকাতায় অনুষ্ঠিত হয় কলকাতা রেসিং সিরিজের দ্বিতীয় পর্ব। ডানকুনির পর এবার শহর তিলোত্তমা মেতে উঠেছিল সাইক্লিংয়ের রেসিংয়ে। উত্তর ২৪ পরগণা, নদীয়া এবং কলকাতা থেকে মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০ কিমিতে উইমেন টাইম ট্রায়াল, ৩০ কিমিতে এমটিবি ক্যাটাগরি, ৩০ কিমিতে ইন্ডিয়ান সাইকেল বিভাগ এবং ৪০ কিমিতে মেনস রোড ক্যাটাগরি। এই চার বিভাগে মোট ১৩০জন সাইক্লিস্ট অংশ নিয়েছিলেন।
এই চার বিভাগের প্রতিযোগিতায় টানটান লড়াই হয়েছিল। উইমেন টাইম ট্রায়ালে প্রথম হয়েছেন কোয়েল হালদার, এমটিবি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আকাশ সুব্বা। এদিকে ইন্ডিয়ান সাইকেল বিভাগে প্রথম হয়েছেন অভিষেক দাস। আর সবশেষে, মেনস রোড ক্যাটাগরিতে প্রথম স্থান পেয়েছেন হেমেন্দ্র মুর্মু।
এই প্রতিযোগিতা থেকে আগামীদিনের তারকা উঠে আসবেন, সে বিষয়ে নিশ্চয়তা জানিয়েছেন রাজ্য সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ শেঠ। তিনি জানিয়েছেন, এই রেসিং সিরিজ থেকে জাতীয় স্তরের ভালো মানের সাইক্লিস্ট উঠে আসবেন।
