খবরটি শুনুন
অডিও সংস্করণ
প্রয়াত সুশান্তকে বিজ্ঞাপনে উপহাসের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রণবীর সিংকে তুলোধোনা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের সমীকরণ কেমন যেন বদলে গেছে। ছোটোখাটো কোনও বিষয় নিয়েও বারবার বলিউডের দিকে আঙুল তুলতে পিছপা হন না নেটিজেনরা।
এদিকে, মাদকযোগে দীপিকা পাড়ুকোনের নাম জড়ানোর ফলে বেশ হিটলিস্টেই ছিলেন দীপিকা-রণবীর-এর জুটি। এবার ফের একবার সুশান্তকে বিদ্রুপ করার অভিযোগে নাম জড়াল অভিনেতা রণবীর সিং-এর। এর জেরে নেট জনতার রোষের মুখে পড়লেন অভিনেতা।
গত ১২ই নভেম্বর, রণবীর সিং অভিনীত একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় ইউটিউবে। বিজ্ঞাপনটি ছিল মুখরোচক বিংগো নাচোসের। এই বিজ্ঞাপনে রণবীরের চরিত্রকে প্রশ্ন করা হয়, সে ভবিষ্যতে কী করতে চায়? এই উত্তরে মনোলগে রণবীর জবাব দেন ‘প্যারাডক্সিক্যাল ফোটোন”।
এই কথাতেই ক্ষিপ্ত হন নেট জনতা। তাদের দাবী এই ফোটোন কথার মধ্যে দিয়ে প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে উপহাস করা হয়েছে। কারণ, সুশান্ত সিং রাজপুতের টুইটারে ক্যাপশন হিসেবে লেখা রয়েছে “ফোটোন ইন এ ডাবল-স্লিট”।
এই বিষয়টি নেটিজেনের একাংশের চোখে পড়ায় এই নিয়ে শুরু হয় রণবীর সিংকে ট্রোল করা। ‘ফোটোন’ কথাটির মিল থাকায় এই অভিযোগ।
নেটিজেনদের মতে, সুশান্তের টুইটারে ‘ফোটন’ কথাটির উল্লেখ থাকাতেই ইচ্ছাকৃত এই বিষয়টি বিজ্ঞাপনের সংলাপে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র প্রয়াত সুশান্তকে বিদ্রুপ করার জন্যই। এর জেরে রণবীরকে কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি টুইটারে উপচে পড়েছে #NoSushantNoBollywood ও #BoycottBollywood জাতীয় হ্যাশট্যাগ।
ইউটিউবে এই বিজ্ঞাপনটির লাইক, ডিসলাইক ও কমেন্ট সেকশনও বন্ধ, তাই এই নিয়ে আরও বেশী বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ রণবীরকে অসংবেদনশীল বলে দেগেছেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রণবীর সিং-য়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
