শিলিগুড়ির অবৈধ কলসেন্টারে তেলেঙ্গানা পুলিশের হানা, গ্রেপ্তার ৭

Sunday, November 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি: শিলিগুড়ির অবৈধ কলেসেন্টারে হানা দিয়ে ৭ জনকে গ্রেপ্তার করল তেলেঙ্গানা পুলিশ। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় এদিন তেলেঙ্গেনা পুলিশের বিশেষ দল শিলিগুড়ির মাটিগাড়া ও ভক্তিনগর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাটিগাড়ার ৩ জন ও ভক্তিনগর এলাকার ৪ জন রয়েছেন। অভিযুক্তদের নাম অজয় কুমার শা, জিতেন্দ্রকুমার পন্ডিত, বিজয় শা, মহম্মদ নুর আলম, বিনোদ শা, রাকেশ কুমার, সজন হালদার।

শিলিগুড়িতে কলসেন্টারের আড়ালে লক্ষ লক্ষ টাকা প্রতারণা নিয়ে উত্তরবঙ্গ সংবাদে দীর্ঘদিন থেকেই প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে। সেই প্রতারণা চক্রের হদিশ পেতে এদিন যৌথ অভিযান চালায় তেলেঙ্গানা ও শিলিগুড়ি পুলিশ। সাইবরাবাদের সাইবার ক্রাইম থানায় ১৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডেটিং অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে প্রতারণা করা হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন কলসেন্টার থেকে প্রতারণা চক্র চালানো হচ্ছে। অভিযুক্তরা শিলিগুড়িতে রয়েছে। এরপরই শিলিগুড়ি মেট্রেপলিটন পুলিশের সহযোগিতায় শনিবার মাটিগাড়া, ভক্তিনগরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল।

ডেপুটি পুলিশ কমিশনার জোন ২ কূঁয়র ভূষণ সিং জানান, প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে।
সূত্র: Uttarbanga Sangbad

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator