খবরটি শুনুন
অডিও সংস্করণ
ফের এক বিজেপি কর্মীর মৃত্যুতে গর্জে উঠল বাংলার বিজেপি। রবিবার সকালে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে এক আমবাগান থেকে উদ্ধার হয় এক বছর ৩৪-এর এক যুবকের ঝুলন্ত দেহ। যুবকের নাম বিজয় শীল। মৃত এই ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী বলেই দাবী করা হয়েছে বিজেপির তরফ থেকে। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পিছনে যে তৃণমূলেরই হাত রয়েছে, এও দাবী করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। যদিও শাসকদল এই অভিযোগের দায় নাকচ করে দিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার অর্থাৎ আজ কল্যাণীতে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান যে, এদিন রাজ্যের সমস্ত থানায় থানা ঘেরাও কর্মসূচী করা হবে।
এদিন সকালেই বিজেপি নেতা শুভ্রাংশু রায় কল্যাণী থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে দাবী করেন যে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ওই মৃত যুবকের ময়নাতদন্ত করা হয়।
এদিকে, বিজয়কে বিজেপি দল নিজেদের সক্রিয় কর্মী বলে দাবী করলেও, গয়েশপুরের তৃণমূল সভাপতির দাবী যে মৃত যুবক আসলে শাসকদলেরই সমর্থক ছিলেন। এটি আত্মহত্যারই ঘটনা। বিজেপি এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাইছে। এই বিষয় নিয়ে তৃণমূল সাংসদ আবিররঞ্জন বিশ্বাস বলেন, “প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। পুলিশি তদন্তেই মৃত্যুর আসল কারণ সামনে আসবে।”
মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, বিজয় শীল রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থায় কাজ করতেন। তার পরিবারের অভিযোগ, এর আগে বিজয়কে খুনের হুমকি দেয় স্থানীয় দুই দুষ্কৃতী। কিন্তু এই নিয়ে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে কী না, সেই বিষয়ে স্পষ্ট কোনও মতামত পাওয়া যায়নি। কিন্তু মৃত ব্যক্তির স্ত্রীর দাবী, তার স্বামী আত্মহত্যা করতে পারে না, খুনই করা হয়েছেন তাকে।
সূত্র: খবর24x7
