খবরটি শুনুন
অডিও সংস্করণ
মালদহের সুজাপুরে বিধ্বংসী বিস্ফোরণে প্রাণ গেল কমপক্ষে ৪ শ্রমিকের। আহত অবস্থায় রয়েছেন আরও ৪ জন। সুজাপুরের একটি প্লাস্টিকের কারখানায় এই বিধ্বংসী বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় ভাবে জানা গিয়েছে, মৃতেরা প্রত্যেকেই ওই কারখানায় কাজ করত। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাঁদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানার কোনও একটি মেশিন থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে নিহতদের দেহের অংশ।
সূত্রের খবর বিস্ফোরনের পর আগুনও লেগে যায়। ফায়ার টেন্ডার বর্তমানে আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। স্থানীয় মানুষজন ঘটনাস্থলের আশেপাশেই রয়েছেন। চেষ্টা চলছে ধ্বংসাবশেষের নীচ থেকে জিনিসপত্র উদ্ধারেরও।
ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। তার আগেই সেখানে হাজির হয় স্তাহ্নীয় মানুষেরাও। স্থানীয় মানুষ ও পুলিশই উদ্ধার কাজ শুরু বকরে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। স্থানীয় মানুষেরা বলছেন বিস্ফোরণের সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। প্রাথমিক ভাবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সকলে কারখানার দিকে ছুটে যায়।
উল্লেখ্য এর আগে জুলাইতেই মালদা শহরের বাগবাড়িতে চলন্ত টোটোয় বিস্ফোরণ হয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের। সেই রেশ মিলিয়ে যেতে না যেতেই ফের দুর্ঘটনা ঘটল মালদায়।
