খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিশু সন্তানকে বিরিয়ানি খাওয়ানো। আর তার জেরেই মৃত্যুর মতো ঘটনা ঘটে গেল কলকাতার তথাকথিত শিক্ষিত পরিবারের। পারিবারিক অশান্তির শিকার হতে হলো এক মহিলাকে।
অভিযোগ উঠেছে বাড়ির ছোটো জা’র মারধরে বড় জা’র মৃত্যু হয়েছে। তবে এই তীব্র অশান্তি পিছনের কারণ কি?
জানা গেছে, এই মারামারির উৎস ছিল, ছোট জা’র সন্তানের হঠাৎ অসুস্থতা। পুলিশ সূত্রে খবর, গাঙ্গুলিবাগানে দুই ভাই ও তাঁদের সন্তানেরা এক পরিবারে থাকেন। বড় জা ফাল্গুনী বসু (৪৮) পরিবারের সব দিকই সামলাতেন। তেমন ভাবেই সোমবার ফাল্গুনীদেবী তাঁর ছোট জা শর্মিষ্ঠা বসুর সাত বছরের ছেলেকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলেন। খেতে খেতে হঠাৎই ওই শিশুর গলায় খাবার আটকে বমি হয়ে যায়।
ছেলে কেনও হঠাৎ অসুস্থ হয়ে পড়ল? কেনও বমি করতে শুরু করল? এই প্রশ্ন নিয়ে বড় জা’র সঙ্গে ঝগড়া জুড়ে দেন ছোট।
চলে তুমুল তর্কাতর্কি। আর সেখান থেকেই হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, শর্মিষ্ঠা বসু, ফাল্গুনী বসুকে বিছানায় ফেলে ব্যাপক মারধর করেন। তাতেই অসুস্থ হয়ে পড়েন মহিলা এবং তাঁর মৃত্যু হয়।
ফাল্গুনীদেবীর স্বামী রাজ্য কৃষি বিপণন দফতরের পদস্থ আধিকারিক অরিন্দম বসু পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগে পুলিশ শর্মিষ্ঠাকে গ্রেফতার করে। ধৃতের স্বামী শিল্পতালুক সেক্টর ফাইভে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।