খবরটি শুনুন
অডিও সংস্করণ
এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিতর্ক আর প্রজ্ঞা ঠাকুর যেনও একে অপরের পরিপূরক। আর এবার এহেন বিতর্কিত বিজেপি নেত্রীর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে তুলে ধরে তৃণমূল সুপ্রিমোকে রীতিমতো অশালীন ভাষায় কটাক্ষ করলেন তিনি। বললেন, “হারের ভয়ে মাথা কাজ করছে না ওঁর।” একই সঙ্গে বাংলায় হিন্দুরাজ প্রতিষ্ঠিত হওয়ার ঘোষণাও করে দিলেন বিজেপি সাংসদ।
নিজের বক্তব্যে তিনি বলেন, “এটা পাকিস্তান নয়, হিন্দুস্তান। হিন্দুরা ভারতকে রক্ষা করতে তৈরি। ওরাই মমতাকে জবাব দেবেন। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে। বাংলায় হিন্দুরাজ প্রতিষ্ঠা হবে।” প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র প্রজ্ঞা ঠাকুর, বিভিন্ন সময় নিজের মন্তব্যের খাতিরে খবরের শিরোনামে এসেছেন। আর এবার তাঁর নজর পরেছে বাংলায়। নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।