খবরটি শুনুন
অডিও সংস্করণ
২১-এর ভোটের আগে রাজ্যজুড়ে উলটপুরাণ। এক ঝাঁক তৃণমূল নেতা-বিধায়কের বিজেপিতে যোগদানের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ৷ সোমবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে বিজেপি-র যুব মোর্চার সভাপতিও সৌমিত্র৷ লোকসভার ভোটে সৌমিত্রের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সুজাতা। আইনি জটিলতায় বিষ্ণুপুরের বাইরে ছিলেন সৌমিত্র। স্বামীর প্রচারের দায়িত্বভার কার্যত একাই নিজের হাতে তুলে নিয়ে জিতিয়েছিলেন স্বামীকে। তারপর জল অনেক দূর গড়িয়েছে। সূত্রের খবর, স্বামী-স্ত্রীর বনিবনা এখন নেই তেমন। এছাড়াও বিজেপির মহিলা মোর্চার সভাপতি হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা সম্ভব নয় বলেই তাঁকে জানিয়ে দিয়েছিলেন বিজেপি নেতারা।
হঠাৎ তাঁর এই দলবদল প্রসঙ্গে সুজাতা জবাবে বলেন, 'নিঃশ্বাস নিতে চাই, সম্মান পেতে চাই৷ যোগ্য দলে যোগ্য নেত্রীর হয়ে কাজ করতে চাই আমার প্রিয় দিদির সঙ্গে এবং প্রিয় দাদার সঙ্গে৷' তাঁর কথায়, যে দল অন্য দলের থেকে লোক ভাঙিয়ে রাজনীতি করে, সেই দলে থাকা যাবে না। পাশাপাশি তিনি বলেন, 'সৌমিত্র খাঁ-র যেদিন সুবুদ্ধি হবে, সেদিন তিনিও হয়তো ঠিক জায়গায় যোগ দেবেন'।
যদিও অনেকেই বলছেন, বিজেপিতে না পাওয়া পদ তৃণমূলে পেতে চলেছেন সুজাতা। যদিও তা কতটা কার্যকর হবে, সময় তার উত্তর দেবে।