খবরটি শুনুন
অডিও সংস্করণ
একের পর হেভিওয়েট নেতা, বিধায়ক তৃণমূল থেকে পদত্যাগ করছেন। শুভেন্দু অনেকদিন আগেই মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গত বুধবার তিনি নিজের বিধায়ক থেকেও ইস্তফা দিয়ে কফিনে শেষ পেরেকটা গেঁথে দেন। এরই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে দলছাড়া হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর পালা ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তের। জানা গিয়েছে, তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তবে, তিনি যে এখনও বিধায়কের পদে বহাল থাকবেন, এমনটাও জানিয়েছেন শীলভদ্রবাবু।
শীলভদ্র দত্তেরও বিজেপিতে যোগদান করার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। আগামীকাল শনিবারই ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরে সভা করবেন তিনি। জানা গিয়েছে, এদিনই শুভেন্দু হাতে তুলে নেবেন গেরুয়া পতাকা। এই সভায় শীলভদ্র দত্তের থাকার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। তবে এই বিষয়ে খবর এখনই স্পষ্ট নয়। তিনি এদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন কী না, এ নিয়েও শুরু হয়েছে জোরদার জল্পনা।