১৯ শে মেদিনীপুরে অমিত শাহের সভায় থাকবেন শুভেন্দু! বিজেপিতে যাওয়া নিয়ে শুরু জোর প্রস্তুতি: সূত্র

Wednesday, December 16, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

গতকাল হঠাৎই শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায় চলতি সপ্তাহে শনিবার বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে বিজেপিতে যোগদান করবেন তিনি। নাম গোপন রেখে রাজ্য বিজেপির এক প্রভাবশালী নেতা জানান,‘স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বা জেপি নড্ডার হাত থেকে নয়, শুভেন্দু সম্ভবত দিলীপ ঘোষ বা দলের কোনও বরিষ্ঠ জাতীয় নেতার হাত থেকে দলীয় পতাকা নেবেন।’ কবে পদ্ম শিবিরে যাচ্ছেন শুভেন্দু? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। তৃণমূলের অন্যতম সেনাপতির সঙ্গে এখন শাসক দলের সম্পর্ক চূড়ান্তভাবে নিম্নমুখী। গতকালই তৃণমূলের এই বিদ্রোহী বিধায়ক বিজেপিতে যোগদানের জল্পনা উস্কিয়ে বলেন, ‘আমরা দেশমাতৃকাকে বন্দন করব। বেকার যুবকদের কর্মসংস্থান করব, কৃষকের অধিকার ফেরাব আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র পথ। গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে।’ 

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৯শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ আসছেন বাংলায়। সূত্রের খবর, বাংলায় পা রেখে সকাল ১১টায় পশ্চিম মেদিনীপুরের হবিবপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। কাছেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাসির বাড়ি পরিদর্শনেও যেতে পারেন শাহ্। এরপর মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে যোগ দে‌ওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকের পর মেদিনীপুর শহর থেকে ১২ কিলোমিটার দূরে কর্ণগড় মন্দিরেও পুজো দিতে যেতে পারার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রত্যেক বারের মতো এবারেও জনসংযোগ তৈরীর উদ্দেশ্যে আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সোজা মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রাক্তন তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল দাবি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই দিন একমঞ্চে দেখা যেতে পারে বিদ্রোহী শুভেন্দুকে। এরই মধ্যে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে পারেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের আরেকটি সূত্র এক‌ইসঙ্গে দাবি করেছে, অমিত শাহ্ আসার আগেই অর্থাৎ দিল্লি থেকে ঘুরে আসার পর মেদিনীপুরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। সম্প্রতি রাজ্যের দেওয়া জেড ক্যাটিগরির নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু।

তারপর থেকে নিরাপত্তা ছাড়াই যাতায়াত করছিলেন তৃণমূলের হেভিওয়েট এই নেতা ও নন্দীগ্রামের বিধায়ক। সূত্রের খবর, নন্দীগ্রামের বিধায়ককে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ২-১ দিনের মধ্যেই এ ব্যাপারে রাজ্য সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে, শুভেন্দুর নিরাপত্তায় ২৪ ঘণ্টা ৩০ জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন। সব সময় তাঁকে ঘিরে রাখবেন ১০ জন কমান্ডো। যেখানেই যাবেন, সেখানেই থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাইলট কার। সিআরপিএফকেই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে বলে সূত্রের দাবি।শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করে তাঁর, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় তাঁর বাসভবনে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।

Source


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator