খবরটি শুনুন
অডিও সংস্করণ
কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গোটা সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শোকের কালো ছায়া। এরপর চলে গেলেন ‘জয়বাবা ফেলুনাথ’-এর ‘মছলিবাবা’ মনু মুখোপাধ্যায়ও। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার সকাল ৯.৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১৯৩০সালের ১লা মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। অল্প বয়সেই অভিনয় জীবনে প্রবেশ করেন তিনি। প্রথম জীবনে থিয়েটারে প্রম্পটারের কাজ করতেন অভিনেতা। এরপর একে একে সুজাতা সদন, মিনার্ভা, রঙ মহল, স্টার থিয়েটার, বিশ্বনাথ মহল, এসমস্ত থিয়েটারেও কাজ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি তবলা বাদক হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেছিলেন মনু মুখোপাধ্যায়।
১৯৫৯ সালে মৃণাল সেনের ছবি ‘নীল আকাশের নীচে’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন মনু মুখোপাধ্যায়। এরপ অশনি সংকেত, গণশত্রু, উত্তরায়ণ, পাতালঘ্র, দাদার কীর্তি, বাকিটা ব্যক্তিগত, ও আরও অনেক সিনেমায় দেখা যায় তাঁকে। শেষ জীবনে অভিনয় করেছেন ওয়েব সিরিজ ব্যোমকেশ বক্সীর গল্প ‘মাকড়সার রস’-এও।
বড় পর্দার পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে পৌষ ফাগুনের মেলা, সংসার সুখের হয় রমণীর গুনে, বয়েই গেল-এর মতো ছোটো পর্দার ধারাবাহিকেও। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে গোটা শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেক তারকাই মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।