খবরটি শুনুন
অডিও সংস্করণ
করোনা আতঙ্কের মধ্যেই এবার এক নতুন আতঙ্ক দেখা দিল অন্ধপ্রদেশে। নাম না জানা এক অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছেন সে রাজ্যের বাসিন্দারা। অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলার এলুরুর নর্থ স্ট্রিট, সাউথ স্ট্রিট, অরুন্ধতিপেট এবং অশোকনগর এলাকা জুড়ে প্রায় ২৯০ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। আক্রান্তদের প্রত্যেকের শরীরে বমি বমি ভাব, মাথাব্যথা, হঠাৎ হাত-পা বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দিচ্ছে।
tweet
আক্রান্তদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সূত্রের খবর, রোগের কারণে ইতিমধ্যেই এক মধ্যবয়সী মহিলার মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৪৭ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু এবং মধ্যবয়সী মহিলা রয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেককে এলুরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক রাতের মধ্যেই অন্ধপ্রদেশের অন্তত ২৯০জন অজানা রোগে আক্রান্ত হওয়ার কারণে স্বভাবতই রাজ্যজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্তের প্রত্যেকেই প্রথমে বমি বমি ভাব এবং মাথা ধরার লক্ষণ টের পান। এরপর তাদের শরীরে খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। যে কারণে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। ২৯০ জন আক্রান্তের মধ্যে ৪৬ জন শিশুও রয়েছে। এদের মধ্যে ইতিমধ্যেই ১৪০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের স্থানীয় বিজয়ওয়াড়ার একটি সরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
এই রোগ সম্পর্কে বিশেষজ্ঞরা এখনো বিশেষভাবে কিছু জানাতে পারেননি। তবে তাদের অনুমান, সম্ভবত জল থেকেই এমন রোগ ছড়াচ্ছে। তাই আক্রান্তদের প্রত্যেকের বাড়ির জলের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। নর্থ স্ট্রিট এলাকার বিভিন্ন জায়গাতেও জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, জলে বিষক্রিয়ার কারণেই এমনটা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিও ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন।