খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিলিগুড়িতে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার কাণ্ড। কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের জোড়া মিছিল আজ। জানা গিয়েছে এই অভিযানে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। এমনটাই দাবী করেছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, উত্তরকন্যা অভিযানে একাধিক জায়গায় পুলিশের বাধা আসে, ভাঙা হয় ব্যারিকেডও। কাঁদানে গ্যাসের একের পর এক শেল ফাটানো হয়, তার সঙ্গে চলে জলকামান। এই অভিযানেই পুলিশের লাঠির আঘাতে মাথায় আঘাত লাগে মিছিলের এক কর্মীর। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ওই বিজেপি কর্মীর নাম উলেন রায়, বাড়ি জলপাইগুড়ির গজলডোবায়।
দিলীপ ঘোষের দাবী, এই মিছিলে পুলিশের আঘাতে অনেক কর্মীই আহত হয়েছেন। অন্যদিকে, কৈলাস বিজয়বর্গীয়র দাবী, রবার বুলেটে মৃত্যু হয়েছে দলের ওই কর্মীর। যদিও, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। তৃনমূল সাংসদ সৌগত রায় বলেন, মৃত্যুর ব্যাপারে সরকারীভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। বিজেপির এই অভিযোগ নাকোচ করে পুলিশের পাল্টা দাবী, মিছিলে সরকারী সম্পত্তি ধ্বংস করা হয়েছে। পুলিশ লাঠিচার্চ করেনি। শুধু জলকামান ও কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছে বলে দাবী পুলিশের।