খবরটি শুনুন
অডিও সংস্করণ
ভারতে করোনভাইরাস টিকাকরণ শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। শনিবার বিকেলে কেন্দ্রের তরফে জানানো বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশের কোভিড -১৯ পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ দিন প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, প্রথমে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা, তারপরে করোনা বিরুদ্ধে প্রথম সারির করোনাযোদ্ধারা। প্রথম পর্যায়ে ৩ কোটি ভ্যাকসিন দেওয়া হবে। এর পর পাবেন পঞ্চাশোর্ধ ব্যক্তিরা। তার পরে ৫০ নীচে অথচ কো-মর্বিডিটি রয়েছে, এমন ব্যক্তিরা টিকা পাবেন। দ্বিতীয় পর্যায়ে ২৭ কোটি ভ্যাকসিন বিতরণ করা হবে। সরকারি সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ব্যবহার করা হবে। এ ব্যাপারে সরকারের তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম কো-উইনে যাবতীয় বিবরণ অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশের বিভিন্ন অংশে আঞ্চলিক স্তরে বেশ কিছু উৎসব রয়েছে, সেগুলি মিটে যাওয়ার পরেই টিকাকরণ শুরু হয়ে যাবে।
কী ভাবে টিকাকরণ
করোনা ভ্যাকসিন বণ্টন, সংরক্ষণ ও টিকাকরণ-সহ যাবতীয় বিষয়ের তদারকিতে গঠিত হয়েছে কমিটি। স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই দেশ জুড়ে ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া চালিয়েছে। ২ জানুয়ারি সারা দেশ জুড়ে সম্পন্ন হয়েছিল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া। দেশের ১২৫টি জেলার ২৮৬টি কেন্দ্রে এই মহড়া হয়েছে। শুক্রবার ফের দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭৩৬টি জেলায় হয় ভ্যাকসিনের মহড়া।সেখান থেকে উঠে আসা তথ্যগুলি টিকাকরণের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছিলেন, প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। এর জন্য তালিকা তৈরি করা হয়েছে। কো-উইন ভ্যাকসিন ডেলিভারি ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যেই সেই বিপুল তথ্যসমূহ রয়েছে। এর পর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি তাঁদের। এর পর প্রাধান্য পাবেন ৫০ বছরের কম বয়সি, অথচ যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা।
ভারতের দুই কোভিড টিকা
জরুরি ব্যবহারের জন্য ভারতের দু’টি করোনা ভ্যাকসিন অনুমোদন পেয়েছে গত ৩ জানুয়ারি। এগুলি হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড, যা পুনেভিত্তিক সংস্থা সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে, অন্যটি হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। উল্লেখ্য, দেশ জুড়ে করোনার টিকাকরণ শুরুর দিন চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ১১ জানুয়ারি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দফায় ভ্যাকসিনের দেশজোড়া মহড়ার পর প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, আগামী সোমবার বিকেল চারটের সময় ওই ভার্চুয়াল বৈঠক হবে।