বুধবারই শহরের উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু সেদিন ফিরতে চাননি সৌরভ। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এটা সম্পূর্ণ সৌরভের নিজস্ব ইচ্ছা ছিল। শনিবার মাইল্ড অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সৌরভ আজ বৃহস্পতিবার ছাড়া পেলেন হাসপাতাল থেকে। ইতিমধ্যেই নিজের বেহালার বাড়িতে পৌঁছে গিয়েছেন মহারাজ। বাড়ির সামনে ভিড় করেছেন অগুনতি ভক্তরা। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “হাসপাতালের সকলকে ধন্যবাদ এত ভালো চিকিৎসা করার জন্য। আমাকে এত যত্ন করার জন্য অনেক-অনেক ধন্যবাদ। এখন আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। জীবন ফিরে পেলাম। আশা করি শীঘ্রই বিমানেও চড়তে পারব।
বুধবারই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন সম্পূর্ণ সুস্থ আছেন সৌরভ। তাঁকে দেখতে এসেছিলেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট দেবী শেঠি। মঙ্গলবার দেবী শেঠি জানান যে, হৃদরোগ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতই কাজ করতে পারবেন সৌরভ। এমনকি খোদ সৌরভের সাথে দেখাও করেন তিনি। তিনি জানিয়েছিলেন, এই মুহুর্তে সৌরভের অবস্থা স্থিতিশীল এবং বুকে কোনওরকম ব্যথা নেই। সাধারণভাবে তাঁর শ্বাস প্রক্রিয়া চলছে।
