খবরটি শুনুন
অডিও সংস্করণ
বুধবার দলীয় কর্মীসভা থেকে সদ্য দলত্যাগীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বন সহায়ক পদে চাকরি নিয়ে কারচুপির অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতাকে পাল্টা বিঁধেছে বিজেপি।
মাসকয়েক আগে অষ্টম শ্রেণি পাশে বন সহায়ক পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। অষ্টম শ্রেণি পাশের পাশাপাশি উচ্চশিক্ষিতরাও আবেদনপত্র জমা দেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হওয়ায় লাইনও পড়ে বিস্তর। এই শূন্যপদ নিয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমাদের সঙ্গে ছেলেটা ছিল। সে এখন আমাদের সঙ্গে আর নেই। আমার কাছে অভিযোগ এসেছে বন সহায়ক পদ নিয়ে কারচুপি হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।” এর আগে একাধিকবার রাজীবের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত লোভ এবং টিকিট না পাওয়ার আশঙ্কায় দলবদলের সিদ্ধান্ত বলেও দাবি করেছেন। তবে এই প্রথমবার এহেন বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা তোপ দাগলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে হুগলির গুড়াপ থেকে পালটা জবাব দিলেন রাজীব। তিনি বলেন, “কোথা থেকে সুপারিশ হয়েছে, দেখাতে পারি। সব চুক্তিভিত্তিক নিয়োগ। হোক তদন্ত। আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে।” মুখ্যমন্ত্রীর উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “সব রেকর্ড করে রেখেছি। প্যানডোরা বক্স খুলেছেন মুখ্যমন্ত্রী। এখন এটুকুই থাক। প্রয়োজনে আবার বলব।”
এছাড়াও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার মুখ খুলেছেন। তাঁর দাবি, রাজীব দল ছাড়ার আগেই বন সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। দুর্নীতি হলে সেই সময়েই হয়েছে। সেই সময় কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিস্ফোরক অভিযোগে সুর চড়ালেন না, এমনই প্রশ্ন তুলেছেন তিনি। রাজীব এখন দল ছেড়েছেন বলেই মুখ খোলা হল বলেই পালটা দাবি জয়প্রকাশের।