খবরটি শুনুন
অডিও সংস্করণ
শুক্রবার ভয়ানক এক কাণ্ড ঘটল কলকাতা চিড়িয়াখানায়। মানুষের নজর এড়িয়েই সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক ব্যক্তি। তাঁর দেখেই তাঁর ঘাড় ধরে টেনে নিয়ে যায় খাঁচায় থাকা সিংহ। আঁচড়ে দেয় শরীরের একাধিক অংশ। এরপর কোনওমতে ওই ব্যক্তিকে সিংহের থেকে ছাড়িয়ে বের করে আনেন চিড়িয়াখানার কর্মীরা। গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে তাঁকে জরুরী বিভাগে ভর্তি রাখা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। তাঁর ডান পা ও ডান কাঁধে গুরুতর আঘাত লেগেছে। কোমরেও চোট রয়েছে। এর আগেও এরকম একবার চিড়িয়াখানার বাঘ শিবার গলায় মালা পরাতে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার সকালে এক ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। তাঁকে একাধিকবার বারণ করলেও চিড়িয়াখানার নানা অংশে ঘুরে বেড়ান তিনি। শেষে একেবারে সিংহের খাঁচার সামনে ঢুকে পড়েন। সেখানে পাঁচিল উঠে সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন।
সিংহের এনক্লোজারে ছাড়াই ছিল সিংহ। কেউ কিছু বোঝার আগেই ওই ব্যক্তিকে থাবা বসায় সিংহ। কাছেই ওই সিংহের পালক ছিলেন। কিন্তু তাঁর নপর এড়িয়েই ওই ব্যক্তিকে ভিতরের দিকে টেনে নিয়ে যায় সিংহ। তখনই পালক এসে কোনওমতে ওই ব্যক্তিকে রক্ষা করেন। আপাতত চিকিৎসাধীন ওই ব্যক্তি।