নির্বাচন কমিশন কে চালাচ্ছে ? অমিত সাহু বাবু আপনি চালাচ্ছেন না তো ? কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Wednesday, March 17, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
হাতে আর মাত্র কটা দিন এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজের নিজের নির্বাচনী প্রচারে খুবই ব্যস্ত রয়েছে। একই সাথে এ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাক মুহূর্তে কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে হেভিওয়েট নেতৃত্বরা রাজ্যে বিভিন্ন সভায় উপস্থিত হয়ে বঙ্গরাজনীতিকে একপ্রকার অক্সিজেন প্রদান করে চলেছে। অনুরূপ ঠিক এই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় তার পা আঘাত প্রাপ্ত হওয়া সত্বেও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জনসভা করে চলেছেন।

বিগত দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে থেকে পুরুলিয়া ও বাঁকুড়া নির্বাচনী প্রচার করেছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। এদিন তিনি বাঁকুড়ায় বেশ কয়েকটি সভা করেছেন। এদিন মেজিয়ার সভার পর বাঁকুড়ার ছাথনায় পৌঁছন মমতা। এদিন তিনি বিজেপিকে একের পর এক তার বক্তব্যের মধ্যে দিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। হুইল চেয়ারে বসেই সেই পূর্বের স্বমহিমায় কড়া ভাষায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, ” ঘাসফুল শিবির থেকে কয়েকজন বেরিয়ে যাওয়ায় এই দল এখন শুধুই মানুষের দল। তিনি বলেছেন, কয়েকটা গুন্ডা বিজেপি করছে। কিছু গুন্ডা আমাদের দলেও ছিল যারা সিপিএম থেকে এসেছিল। তারা চলে গেছে আমি বেঁচে গেছি। ওদের আমি তাড়াবার আগেই পালিয়েছে। কিছু মীরজাফর, বিশ্বাসঘাতক চলে গেছে, আমি বেঁচে গিয়েছি। তৃণমূল কংগ্রেস একদম মানুষের দল ” । 
এদিন তিনি বিজেপিকে আক্রমণ করে বলেছেন, ” বিজেপি শুধু দাঙ্গা লাগায়। লুট করে, টাকার ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায়। মানুষের টাকা লুট করেছে নোট বন্দিতে। হাজার হাজার কোটি টাকার হিসাব নেই। নির্বাচনের সময়, ৫০০ , ৫০০০ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে” । মমতা এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে তার বক্তব্যের মাধ্যমে কটাক্ষ করেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশ না সামলে বাংলায় কাকে গ্রেপ্তার করা যায়, কার বাড়িতে আয় কর, সিবিআই পাঠানো যায় একইসাথে কাকে মারা যায় সেই সব দেখছেন। মেজিযার সভাতেও শাহকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন,” নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, নির্বাচন কমিশন কে চালাচ্ছে ? অমিত সাহু বাবু আপনি চালাচ্ছেন না তো ? আমার প্রশ্ন রয়ে গেছে। আমরা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন হোক। কমিশনের কাজে উনি হস্তক্ষেপ করছেন” ।

এদিন বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের প্রতি একপ্রকার নির্বাচনে লড়ার জন্য আহ্বান জানিয়েছেন। প্রাক নির্বাচনের মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্য রাজ্যবাসীকে যে পুনরায় একপ্রকার অক্সিজেন প্রদান করে গেলেন, সেই বিষয়টি একপ্রকার স্পষ্টতই বোঝা যাচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator