খবরটি শুনুন
অডিও সংস্করণ
মৃদু ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে কম্পন অনুভূত হয়।
সাতসকালে এই কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। দেখা যায়, ঘরের মধ্যে ফ্যান কাঁপছে। তবে কোথা থেকে কম্পনের উৎপত্তিস্থল তা এখনও জানা যায়নি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা কতখানি ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মুর্শিদাবাদের এক বাসিন্দা জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়। এই নিয়ে তাঁরা আতঙ্কিত। ভয়ে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এখনও বাইরেই আছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আফটার শকের জেরে এই কম্পন। শোনা যাচ্ছে অসমেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথায় সবথেকে বেশি কম্পন হয়েছে জানা যায়নি।