খবরটি শুনুন
অডিও সংস্করণ
শীতলকুচি কাণ্ডে আপত্তিজনক মন্তব্য করায় সায়ন্তন বসুকে এবার শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজেপি নেতা সায়ন্তন বসুকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে। ইতিমধ্যেই শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। আরেক বিজেপি নেতা রাহুল সিনহাও শীতলকুচি কাণ্ডে আপত্তিজনক মন্তব্য করায় ৪৮ ঘণ্টার জন্য তাঁর প্রচারেও নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। প্রসঙ্গত, রাজ্যে এখনও বাকি আরও ৪ দফার ভোট। আর সেই ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছেন রাজনৈতিক নেতারা।
দিন দুয়েক আগেই ধূপগুড়িতে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে সায়ন্তন বসু বলেছিলেন, ‘খেলতে গিয়ে বাড়াবাড়ি করলে শীতলকুচি খেলা খেলে দেব। সকাল বেলা আমাদের আনন্দ বর্মনকে মেরে দিল। তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের, শীতলকুচিতে ৪ ঘণ্টার মধ্যেই ৪ টে কে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গেই তিনি সোলে সিনেমার বিখ্যাত ডায়লগকেও ব্যবহার করেন বক্তৃতায়। ‘তুম এক মারোগে তো হাম চার মারেঙ্গে’ শীতলকুচিতেও তাই ঘটানো হয়েছে। আর এই মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে পড়ে যায় শোরগোল। তৃণমূল নেতৃত্ব সায়ন্তন বসুর করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশনে অভিযোগ জানায়। আর সেই জন্যই এবার শোকজ নোটিস পাঠানো হল সায়ন্তন বসুকে। কোচবিহারের শীতলকুচি কাণ্ড নিয়ে তৃণমূল–বিজেপি তরজা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, কমিশনের জারি করা নিষেধাজ্ঞা উঠতেই প্রচারে বের হন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আর প্রচারে বেরিয়েই ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি। কেউ যদি হামলা চালায়, ভোটদানে বাধা সৃষ্টি করে তাহলে কেন্দ্রীয় বাহিনী ফের গুলি চালাবে। এ নিয়ে তৃণমূল নেতাদের দাবি, বিজেপি হারবে বুঝে গেছে তাই এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে মারার ভয় দেখাচ্ছে।